অবৈধ তফসিল বাতিল করে পুনঃ তফসিল ঘোষণা করতে হবে : ড. মাসুদ
- আপডেট সময় : ১২:১৫:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০২৩
- / 153
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, জনগণ অবৈধ তফসিল প্রত্যাখ্যান করেছে। এ তফসিল জনগণ মানে না, মানবে না। অবিলম্বে এ তফসিল বাতিল করে নতুন তফসিল ঘোষণা করতে হবে।
তিনি বলেন, জনদাবি উপেক্ষা করে তফসিল ঘোষণা করার মাধ্যমে বর্তমান নির্বাচন কমিশন ফ্যাসিবাদী সরকারের সহায়ক হিসেবে মুখোশ উন্মোচন করেছে। অবিলম্বে এ তফসিল বাতিল করে পুন: তফসিল ঘোষণা করতে হবে। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবি আদায় করে নতুন তফসিল ঘোষণা না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না। দুর্বার গণআন্দোলনের মাধ্যমে নির্বাচন কমিশন ও সরকারের এমন ষড়যন্ত্র রুখে দেয়া হবে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার প্রতিবাদে আয়োজিত মিছিল পরবর্তী সমাবেশে তিনি এসব কথা বলেন। আজ রাতে নির্বাচন কমিশন ঘোষিত তফসিলের তাৎক্ষণিক প্রতিবাদস্বরূপ রাজধানীর খিলগাঁও বাসাবো সড়কে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
ড. শফিকুল ইসলাম মাসুদের নেতৃত্বে মিছিলে আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে সুরার সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মু. দেলোয়ার হোসেন ও ড. আব্দুল মান্নান, কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য শামসুর রহমান, মহানগরী দক্ষিণের মজলিসে শুরার সদস্যবৃন্দ, বিভিন্ন থানার আমির-সেক্রেটারি সহ কয়েক হাজার নেতাকর্মী।


















