আমরা কত কঠোর হতে পারি ৭ তারিখের পর দেখবেন: শামীম ওসমান
- আপডেট সময় : ০৯:৩৭:১৮ অপরাহ্ন, রবিবার, ১৯ নভেম্বর ২০২৩
- / 157
নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, আমাকে হয়ত মারার চেষ্টা করছে। শামীম ওসমান মৃত্যুকে ভয় করে না। আমরা তো ১৬ জুন মারা গেছি। সুতরাং এসব খারাপ কাজ যারা করে তারা আর ছাড় পাবে না। শেখ হাসিনা কত কঠোর হতে পারে, আমরা কত কঠোর হতে পারি সেটা ৭ তারিখের পর দেখবেন।
রোববার বিকালে নাসিক ৮নং ওয়ার্ডে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন শামীম ওসমান।
শামীম ওসমান বলেন, ওরা বাংলাদেশকে একটা কলোনি বানাতে চায়। এটা হবে না যতদিন শেখ হাসিনা আছেন। শেখ হাসিনা একজন হিমালয় পর্বত। বাংলাদেশ আজ বিশ্বের ৩৫তম অর্থনীতি। পদ্মা সেতু নিয়ে দুর্নীতির অভিযোগ করল বিশ্বব্যাংকে। সিঙ্গাপুরের আদালতে, নেত্রী বলল ‘আয়, প্রমাণ কর’। সেটা আজ মিথ্যা প্রমাণিত হয়েছে। অবশ্য এটা ভালোই হয়েছে, আজ তিনি নিজের টাকায় পদ্মা সেতু করেছেন। আজ বড় বড় মেগা প্রজেক্টগুলো হচ্ছে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী সাচ্চা মুসলমান। তিনি ফিলিস্তিনের ঘটনার প্রতিবাদ করেছেন। তিনি জাতীয় শোক ঘোষণা করেছেন, আমেরিকার অ্যাম্বেসির পতাকাও অর্ধনমিত রাখতে হয়েছে। আমেরিকা ফিলিস্তিন ইস্যুতে কথা বলে না কেন। ফখরুল ফিলিস্তিন ইস্যুতে তারেক রহমানকে বললেন আমাদের প্রতিবাদ করা উচিত। তখন তারেক রহমান বলেছে- ফখরুল সাহেব চুপ থাকেন! কেন, ওদের বিদেশি প্রভুরা রাগ করবে।
এই নেতা বলেন, আমাকে মানুষের ঘরে যাওয়ার সুযোগ করে দিয়েন। এত মানুষ আমার ভালো লাগে না। আমি মানুষের মনের ভেতর জায়গা করতে চাই। উন্নয়ন প্রজেক্ট আমি আনতে পারব, তবে একটা জিনিস পারব না। সেটা হলো মাদক ও সন্ত্রাস। আমাদেরও খারাপ লোক আছে। এবার আর কাউকে ছাড় দেব না। আমি আল্লাহর ঘরে গিয়ে ওয়াদা করেছি চেষ্টা করব তবে আমি একা পারব না। আপনাদের সবাইকে নিয়ে ভালো মানুষগুলোকে নিয়ে মাদক সমস্যা নির্মূল করতে চাই।






















