আ.লীগ নেতাদের ‘সামাজিকভাবে বয়কট’ করার ঘোষণা জেলা ছাত্রলীগ সম্পাদকের
- আপডেট সময় : ১০:৫০:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর ২০২৩
- / 142
টাঙ্গাইল জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইলিয়াস হাসান এবার ‘সামাজিকভাবে বয়কট’ করার পাল্টা ঘোষণা দিলেন সখীপুর উপজেলার আওয়ামী লীগ নেতাদের। এর আগে বুধবার রাতে সমাবেশ করে ইলিয়াস হাসানকে সখীপুরে অবাঞ্ছিত ঘোষণা করেন আওয়ামী লীগ নেতারা।
জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. ইলিয়াস হাসান বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইল প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।
লিখিত বক্তব্যে ইলিয়াস হাসান জানান, বুধবার দুপুরে জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় সখীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত শিকদারের বক্তব্যকে কেন্দ্র করে বিশৃঙ্খল পরিবেশের সৃষ্টি হয়। পরে অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাকের হস্তক্ষেপে পরিবেশ স্বাভাবিক হয়। বিকালে বর্ধিত সভা শেষে টাঙ্গাইল প্রেস ক্লাবের নিচে কে বা কারা শওকত শিকদারের গাড়ির উপর হামলা করেছে তা তিনি জানেন না।
তিনি আরও জানান, রাতে সখীপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের কিছু বিতর্কিত নেতাকর্মীরা শওকত শিকদারের গাড়িতে হামলাকে কেন্দ্র করে সভা করেন। সেখান থেকে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের) এমপি ও তাকে (ইলিয়াস) হেয়প্রতিপন্ন করার জন্য অকথ্য, অশ্লীল ও মনগড়া বক্তব্য দেন। তিনি এর প্রতিবাদ জানান।
তিনি বলেন, সমাজে বিতর্কিত, ঘৃণিত এসব সন্ত্রাসীদের গোটা টাঙ্গাইলবাসী এবং ছাত্র সমাজের পক্ষ থেকে সামাজিকভাবে বয়কট ঘোষণা করছি এবং টাঙ্গাইল জেলা ছাত্রলীগের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
ইলিয়াস হাসান বলেন, শওকত শিকদারের গাড়িতে হামলার তীব্র নিন্দা জানাই। তদন্তসাপেক্ষে দোষীদের খুঁজে বের করার দাবি জানাই।
জেলা ছাত্রলীগের ব্যানারে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক বদিউজ্জামান ফারুক, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক মহসিন শিকদার, উপ-দপ্তর সম্পাদক অধ্যক্ষ আনন্দ মোহন দে, টাঙ্গাইল শহর ছাত্রলীগের সহ-সভাপতি পাপ্পু মিয়া, টাঙ্গাইল টেক্সটাইল কলেজ ছাত্রলীগের সভাপতি আকাশ আহমেদ সূর্য, বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের যুগ্ম আহবায়ক সৈকত আলম জীবন, টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রলীগের যুগ্ম সম্পাদক সামিন খান প্রমুখ।
প্রসঙ্গত, টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের বর্তমান সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম এবার দলীয় মনোনয়ন পাননি। মনোনয়ন পেয়েছেন সাবেক সংসদ সদস্য অনুপম শাহজাহান জয়। শওকত শিকদার অনুপম শাহজাহান জয়ের সমর্থক। ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইলিয়াস হাসান বর্তমান সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জোয়াহেরুল ইসলামের (ভিপি জোয়াহের) অনুসারী।






















