কক্সবাজারে আবাসিক হোটেল থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার
- আপডেট সময় : ০৫:৪৯:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৩
- / 385
কক্সবাজার প্রতিনিধি:
ক্সবাজার শহরের কলাতলীর হোটেল-মোটেল জোনের ‘সী আলিফ’ নামের একটি আবাসিক হোটেল থেকে এক নারী ও তার মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। হোটেলটির ৪১১ নম্বর কক্ষে শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে মরদেহ দুটি পাওয়া যায়।
নিথর অবস্থায় উদ্ধার হওয়া দুজন হলেন ৩৫ বছর বয়সী সুমা দে ও তার চার বছর বয়সী মেয়ে। তাদের বাড়ি চট্টগ্রামের বাঁশখালী বলে হোটেলের রেজিস্ট্রার খাতায় লেখা রয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানার ওসি (তদন্ত) নাজমুল হুদা।
হোটেল কর্তৃপক্ষের বরাত দিয়ে ওসি (তদন্ত) নাজমুল হুদা বলেন, চট্টগ্রামের বাশঁখালীর বাসিন্দা সুমা গত ১৪ ফেব্রুয়ারি তিন ছেলে ও স্বামী পরিচয় দেয়া একজনকে নিয়ে হোটেলে ওঠেন। কয়েক দিন কক্সবাজার শহরে ঘুরে বেড়ান তারা। আজ সকালে তারা সবাই হাসিমুখে ছিলেন, কিন্তু হঠাৎ তাদের কক্ষ খোলা দেখে হোটেল বয় গিয়ে মা ও মেয়ের মরদেহ পড়ে থাকতে দেখেন।
তিনি বলেন, ‘হোটেল কর্তৃপক্ষ ৯৯৯ নম্বরে কল দিয়ে জানালে আমরা ঘটনাস্থলে আসি। ঘটনার পর দুই ছেলেকে নিয়ে লাপাত্তা স্বামী পরিচয় দেয়া লোকটি।’
পুলিশ আরও জানায়, দুজনকে হত্যা করা হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।























