কলকাতা থেকে চেন্নাইগামী ট্রেন দুর্ঘটনার কবলে, আহত ২ শতাধিক
- আপডেট সময় : ১১:২৭:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২ জুন ২০২৩
- / 401
ভারতের কলকাতা থেকে চেন্নাইগামী করমন্ডল এক্সপ্রেস ট্রেন ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে কলকাতা থেকে আড়াই শ কিলোমিটার দক্ষিণে ওডিশা রাজ্যের বালাসোরে এ দুর্ঘটনা ঘটে। এতে দুই শতাধিক মানুষ আহত হলেও কেউ মারা গেছে কি না, তা জানা যায়নি।
ওডিশার মুখ্যসচিব প্রদীপ জেনা রাত সাড়ে নয়টার দিকে সাংবাদিকদের বলেছেন, করমন্ডল এক্সপ্রেস, একটি লোকাল ট্রেন এবং একটি মালবাহী ট্রেনের মধ্যে এ সংঘর্ষ হয়। এতে বেশ কিছু বগি লাইনচ্যুত এবং অনেকগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় ৬০টি অ্যাম্বুলেন্স এবং দমকল বাহিনীর ১৫টির বেশি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, কলকাতা থেকে বেশ কিছু মানুষের এই ট্রেনে থাকার আশঙ্কা রয়েছে এবং ক্ষতিগ্রস্ত হওয়ারও আশঙ্কা রয়েছে। করমন্ডল এক্সপ্রেস ট্রেনটি কলকাতার শালিমার স্টেশন থেকে দক্ষিণ ভারতে তামিলনাড়ুর রাজধানী চেন্নাইয়ে যাচ্ছিল। কলকাতা থেকে অনেক মানুষ এই ট্রেনে চেন্নাইয়ে চিকিৎসা করাতে যান।






















