কৃষ্ণপুর উপ-স্বাস্থ্য কেন্দ্রটি সংস্কার করে পুনরায় চালুর দাবী

- আপডেট সময় : ০২:৫০:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ এপ্রিল ২০২৩
- / 220
মিজানুর রহমান সদরপুর(ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের উপ-স্বাস্থ্য কেন্দ্রটি সংস্কার করে পুনরায় চালুর দাবী এলাকাবাসীর। স্বাস্থ্য কেন্দ্রটির জরাজীর্ণ অবকাঠামো দীর্ঘদিন ধরে সংস্কার না করায় প্রায় ১ বছর আগে পরিত্যাক্ত ঘোষণা করে উপজেলা স্বাস্থ্য বিভাগ। এতে উপজেলার সর্বোচ্চ জনসংখ্যার ইউনিয়নটির নিম্ম আয়ের মানুষদের ভালো চিকিৎসা সেবা পেতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
স্থানীয়রা জানায়, উপ-স্বাস্থ্য কেন্দ্রটি বন্ধ হওয়ার পর থেকে আমাদের চিকিৎসা সেবা নিতে পল্লী চিকিৎসকদের উপর নির্ভর করতে হয়। চিকিৎসকের ফি ও ঔষধ নেয়ার জন্য ৫শ থেকে হাজার টাকা ব্যায় হয়। কিন্তু এই স্বাস্থ্য কেন্দ্রটি থেকে আমাদের ফ্রীতে উন্নত চিকিৎসা ও প্রয়োজনীয় ঔষধ-পত্র দেয়া হতো। ইউনিয়নের নিম্ম আয়ের মানুষদের উন্নত চিকিৎসা নিতে প্রায় ১১ কিলোমিটার পথ পাড়ি দিয়ে সদরপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে যেতে হয়। এতে যাতায়াত খরচ ও চিকিৎসকের সিরিয়াল নিয়ে সেবা নিতে তাদের দীর্ঘ সময় ও অর্থ ব্যায় হয়।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ ওমর ফয়সল জানান, স্বাস্থ্য কেন্দ্রটির ভবন ঝুকিপূর্ণ হওয়াতে গত ১ বছর পূর্বে পরিত্যাক্ত ঘোষণা করা হয়েছে। পুনঃনির্মাণের জন্য স্বাস্থ্য মন্ত্রনালয় ও মহাপরিচালক বরাবর চিঠি দেওয়া হয়েছে। এখন পর্যন্ত মন্ত্রনালয় থেকে আমাদের কোন নির্দেশনা দেয়নি।



























