চট্টগ্রামে ভারী বর্ষণ, পাহাড় ধসের আশঙ্কা
- আপডেট সময় : ০৬:৩১:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ অক্টোবর ২০২৩
- / 147
মৌসুমী বায়ুর প্রভাবে চট্টগ্রামে ভারী বৃষ্টি হচ্ছে। বৃহস্পতিবার (৫ অক্টোবর) সকাল থেকে এমন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। আগামীকাল শুক্রবারও ভারী বর্ষণ অব্যাহত থাকতে পারে। এতে পাহাড় ধসের আশংকা রয়েছে।
এমন আভাস দিয়েছে পতেঙ্গা আআবহাওয়া অধিদফতর।
বৃহস্পতিবার দুপুরে এক বিজ্ঞপ্তিতিতে এ তঘ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে সারাদেশে কোথাও কোথাও ভারী (৪৪-৮৮ মিলিমিটার) থেকে অতিভারী (৮৯ মিলিমিটার বা তারও বেশি) বর্ষণ হতে পারে। অতি ভারী বৃষ্টির কারণে চট্টগ্রামের পাহাড়ি এলাকায় কোথাও কোথাও ভূমিধস হতে পারে।
এ বিষয়ে পতেঙ্গা আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ সুমন সাহা বলেন, গত ২৪ ঘন্টায় সকাল ৯টা পর্যন্ত ২২ দশমিক ৬ মিলিমিটার পরিমাণ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
আর কদিন এই বৃষ্টি চলবে জানতে চাইলে তিনি বলেন, আগামীকাল শুক্রবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার থেকে বৃষ্টি কমতে থাকবে। রোববারের পর আবহাওয়া শুকনো থাকবে।
পাহাড় ধ্বসের আশঙ্কার বিষয়ে তিনি বলেন, ‘চট্টগ্রামে এখন বৃষ্টি চলছে। আরও বৃষ্টি হতে পারে। ভারী বর্ষণে পাহাড় ধসের আশঙ্কা রয়েছে।’
এদিকে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। একইসঙ্গে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত
সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি অব্যাহত রয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও আশেপাশের বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরগুলোর উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
নদীবন্দরে ২ নম্বর সংকেত
বৃহস্পতিবার (৫ অক্টোবর) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের উপর দিয়ে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রসহ অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত সংকেত দেখাতে বলা হয়েছে।






















