জেলা পরিষদ সদস্যের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন
- আপডেট সময় : ০৪:০৯:২৬ অপরাহ্ন, সোমবার, ১ মে ২০২৩
- / 208
ফরিদপুরের জেলা পরিষদ সদস্য এখলাছ আলী ফকিরের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে। গত রোববার বিকেলে জেলা পরিষদ কার্যালয়ের সামনে মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ জেলা পরিষদ মেম্বারস এসোসিয়েশন । মনববন্ধনে ফরিদপুরসহ সারাদেশ থেকে আগত জেলা পরিষদের সদস্যগণ অংশ নেন। পরে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কার্যালয়ে স্মারক লিপি জমা দেন সংগঠনটির নেতাকর্মীরা।
এ সময় মানববন্ধনে বক্তব্য দেন বাংলাদেশ জেলা পরিষদ মেম্বারস অ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ বাবুল মিয়া, সাধারণ সম্পাদক বি এম তৌফিক ইসলাম, ফরিদপুর জেলা পরিষদের সদস্য আনজুমান আরা বেগম, ব্রাক্ষণবাড়িয়া জেলা পরিষদের সদস্য এম বি কানিজ, এখলাছ ফকিরের শিশু পুত্র ফারহান এহসানসহ সংগঠনের নেতাকর্মীরা।
গত মঙ্গলবার (২৫ এপ্রিল) দুপুরে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কয়েক জন সন্ত্রাসী উপজেলার পূর্ব শৌডুবী গ্রামের মজুমদার বাজারে এক বিয়ে বাড়ি থেকে ফেরার পথে জেলা পরিষদের সদস্যকে এলোপাথাড়ি কুপিয়ে জখম ও তার গাড়ি ভাংচুর করে টাকা, মোবাইল ও গুরুত্বপূর্ণ কাগজ লুটে নেয়। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে ২ জনকে গ্রেপ্তার করে।
ফরিদপুর অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) হেলালউদ্দিন ভূঁইয়া বলেন, এখলাছ আলী ফকিরের উপর হামলার ঘটনায় জড়িতদের দ্রæত গ্রেপ্তার করা হবে। অপরাধীরা যত শক্তিশালী হোক তাঁদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।


























