ঠাকুরগাঁও আইনজীবী সমিতির ১২ পদের ৯টিতেই বিএনপিপন্থীদের জয়
দৈনিক জাগ্রত বাংলাদেশ ডেস্ক :
- আপডেট সময় : ০১:০১:৪৬ অপরাহ্ন, সোমবার, ১০ এপ্রিল ২০২৩
- / 266
ঠাকুরগাঁও আইনজীবী সমিতির নির্বাচনে জয়ী সভাপতি আবদুল হালিম ও সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন ছবি: সংগৃহীত
ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির কার্যকরী পরিষদের নির্বাচনে আওয়ামী লীগপন্থী আইনজীবীদের ভরাডুবি হয়েছে। নির্বাচনে ১২টি পদের মধ্যে সভাপতি, সাধারণ সম্পাদকসহ ৯টি পদে বিএনপিসমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রার্থীরা জয়লাভ করেছেন। অন্যদিকে তিনটি পদে জয়লাভ করেছেন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত প্যানেলের প্রার্থীরা।
গতকাল রোববার আদালত চত্বরের আইনজীবী সমিতির ভবনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। গণনা শেষে রাতে আইনজীবীদের এই নির্বাচনের প্রধান কমিশনার আবদুল হামিদ ফলাফল ঘোষণা করেন।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, আইনজীবী সমিতির এবারের নির্বাচনে কার্যনির্বাহী কমিটির ১২টি পদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে আবদুল হালিম-জয়নাল আবেদিন ও বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ থেকে আবু জাফর শামস উদ্দিন-আনিসুর রহমান খান প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করে।
নির্বাচনে সভাপতি পদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রার্থী আবদুল হালিম ১৩৩ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের প্রার্থী আবু জাফর শামস উদ্দিন পান ৮০ ভোট। সাধারণ সম্পাদক পদে বিএনপিসমর্থিত প্রার্থী জয়নাল আবেদিন ১২৩ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের আনিসুর রহমান খান পেয়েছেন ৮৭ ভোট।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিজয়ী অন্য প্রার্থীরা হলেন সহসভাপতি পদে নুরুল ইসলাম ও মোবারক হোসেন, সহসাধারণ সম্পাদক পদে ফজলে আলম, গ্রন্থাগার সম্পাদক মো. ইয়াজুল ইসলাম, কমনরুম ও সাংস্কৃতিক সম্পাদক পদে শাহজাহান কবির এবং সদস্য পদে আবদুর রাজ্জাক ও রহন আলী রায়হান।
বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ থেকে কোষাধ্যক্ষ পদে জামেদুল হক এবং সদস্য পদে আশিকুর রহমান ও ফেরদৌস হাসান জয়ী হয়েছেন।
নির্বাচনে ভরাডুবির বিষয়ে জানতে চাইলে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সভাপতি প্রার্থী আবু জাফর শামস উদ্দিন বলেন, ‘আমরা আইনজীবীদের আস্থা অর্জন করতে পারিনি। তা ছাড়া বিএনপির প্রার্থীরা অনৈতিকভাবে টাকা দিয়ে কমপক্ষে ৪০টি ভোট কিনে নিয়েছে। এ কারণে এমন ফলাফল হয়েছে।’
ভোট কেনাবেচার অভিযোগ অস্বীকার করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে নির্বাচিত সভাপতি আবদুল হালিম বলেন, দেশে মানুষের মতপ্রকাশের স্বাধীনতা নেই। ভোটারেরা যেখানে স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারবেন, সেখানে এই সরকারদলীয় প্রার্থীর ভরাডুবি নিশ্চিত। ঠাকুরগাঁওয়ের আইনজীবী সমিতির নির্বাচন সেই ইঙ্গিত বহন করছে।



















