দিনদুপুরে ধর্ষণ শেষে শিশুকে গলা কেটে হত্যা
- আপডেট সময় : ১০:৩৫:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০২৩
- / 248
চুয়াডাঙ্গার জীবননগরে ধর্ষণ শেষে মরিয়ম খানম নামে এক শিশুর গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা শিশু মরিয়মকে ধর্ষণ শেষে গলা কেটে হত্যা করা হয়েছে।
বৃহস্পতিবার বিকালে জীবননগর উপজেলার গোয়ালপাড়া গ্রামসংলগ্ন হাড়িভাঙ্গা মাঠ থেকে পুলিশ তার লাশ উদ্ধার করেছে।
নিহত শিশু মরিয়ম খানম ওই গ্রামের ইকবাল হোসেনের মেয়ে।
খবর পেয়ে সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) জাকিয়া সুলতানা এবং জীবননগর থানার ওসি এসএম জাবীদ হাসান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
শিশু মরিয়মের পিতা দিনমজুর ইকবাল হোসেন জানান, বিকালে মরিয়ম খানম (১২) ও তার চার বান্ধবী ছাগলের জন্য ঘাস আনতে যায় বাড়ির পার্শ্ববর্তী হাড়িভাঙ্গা মাঠে। এ সময় অপরিচিত এক যুবক মরিয়ম খানমকে ঘাস দেওয়ার লোভ দেখিয়ে ফুঁসলিয়ে পার্শ্ববর্তী ভুট্টাখেতে নিয়ে যায় বলে তার বান্ধবীরা জানায়। স্থানীয় লোকজন বিকাল ৪টার দিকে ভুট্টাখেতে মরিয়মের গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে জীবননগর থানা পুলিশে খবর দেন।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম জাবীদ হাসান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ধর্ষণ শেষে শিশু মরিয়মকে গলা কেটে হত্যা করা হয়েছে। হত্যাকারীকে শনাক্তসহ তাকে গ্রেফতার করতে পুলিশি অভিযান শুরু হয়েছে।





















