দুই মাসের মেয়ে হত্যা, বাবা গ্রেফতার
- আপডেট সময় : ১১:৩০:২৯ অপরাহ্ন, রবিবার, ২৯ অক্টোবর ২০২৩
- / 142
সোনারগাঁ উপজেলার কাঁচপুর সোনাপুর বালুর মাঠ এলাকায় কান্না করায় আয়েশা সিদ্দিকা নামের দুই মাসের কন্যাশিশুকে শ্বাসরোধ করে হত্যার ঘটনায় ঘাতক বাবা হৃদয় মিয়াকে গ্রেফতার করেছে র্যাব-১১ একটি দল।
শনিবার রাতে সিলেটের জালালাবাদ থানার আখালিয়া ভার্সিটি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। রোববার বিকালে হৃদয় মিয়াকে সোনারগাঁ থানায় হস্তান্তর করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১১ এএসপি ও মিডিয়া অফিসার সনদ বড়ুয়া।
গ্রেফতারকৃত হৃদয় মিয়া ভোলার চরফ্যাশন উপজেলার লডারিন্স বাজার গ্রামের বাবুল মিয়ার ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার কাঁচপুর ইউনিয়নের কাঁচপুর সোনাপুর বালুর মাঠ এলাকায় হৃদয় মিয়া ভাড়া ছিলেন। সে ও তার স্ত্রী নাদিয়া আক্তার গার্মেন্টস কর্মী ছিলেন। বৃহস্পতিবার সকালে দুই মাস বয়সি মেয়ে আয়েশা সিদ্দিকাকে তার মা নাদিয়া আক্তার সকাল সাড়ে ১১টার দিকে গোসল করিয়ে ঘুম পাড়িয়ে পাশের বাড়িতে দুধ আনতে যান। ঘুম থেকে জেগে তার মেয়ে আয়েশা সিদ্দিকা কান্না করায় পাষণ্ড বাবা হৃদয় মুখ চেপে ধরে তাকে শ্বাসরোধে হত্যা করে।
হত্যার পর মা নাদিয়াকে বলে কন্যাশিশু কান্না করায় তাকে মারধর করেছে। মা নাদিয়া ঘরে গিয়ে শিশুর মুখে রক্তের ছাপ দেখতে পায়। শুক্রবার মা নাদিয়া আক্তার বাদী হয়ে ঘাতক বাবাকে আসামি করে সোনারগাঁ থানায় একটি মামলা দায়ের করেন।
ঘটনার পর থেকে ঘাতক হৃদয় পলাতক ছিলেন। তিন দিন পর র্যাব-১১ এর একটি দল সিলেটের জালালাবাদ থানার আখালিয়া ভার্সিটি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
সোনারগাঁ থানার এসআই পঙ্কজ কান্তি সরকার বলেন, শিশুসন্তান হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেফতার বাবাকে থানায় হস্তান্তর করেছে। সোমবার সকালে তাকে আদালতে পাঠানো হবে।






















