ফরিদপুরে আড়াই কোটি টাকার হেরোইনসহ যুবক আটক
- আপডেট সময় : ০৯:৪৮:৫৩ অপরাহ্ন, সোমবার, ৯ অক্টোবর ২০২৩
- / 159
ফরিদপুরে প্রায় আড়াই কোটি টাকা মূল্যের দেড় কেজি হেরোইনসহ সোহরাব মণ্ডল (২৪) নামে এক যুবককে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১০ (র্যাব)।
সোমবার (৯ অক্টোবর) বিকেল ৪টার দিকে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার কে এম শাইখ আকতার।
আটক সোহরাব ঝিনাইদহের মহেশপুর উপজেলার অনন্তপুর এলাকার মরহুম রুস্তম মণ্ডলের ছেলে।
শাইখ আকতার জানান, সোমবার দুপুর সোয়া ১২টার দিকে সোহরাবকে জেলার মধুখালী উপজেলার আড়পাড়া এলাকায় অভিযান চালিয়ে হেরোইনসহ সোহরাব মণ্ডলকে আটক করা হয়।
র্যাব জানায়, আটক ব্যক্তি একজন পেশাদার মাদককারবারি। তিনি বেশ কিছু দিন ধরে দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে হেরোইনসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে ফরিদপুরসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
র্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে ক্যাম্পটির কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার কে এম শাইখ আকতার বলেন, আটক সোহরাব মণ্ডলের বিরুদ্ধে একটি মাদক মামলা শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।
এটি ফরিদপুরের স্মরণকালের সবচেয়ে বড় হেরোইনের চালান বলে জানান র্যাবের এ কোম্পানি অধিনায়ক।




















