ফরিদপুরে চুরি হওয়া ২ লাশের কঙ্কাল মিলল ফসলের মাঠে
- আপডেট সময় : ০৬:৩৮:০২ অপরাহ্ন, শনিবার, ১৬ ডিসেম্বর ২০২৩
- / 201
ফরিদপুরের সালথায় ফসলি জমি থেকে প্লাস্টিকের বস্তাবন্দি কাফনের কাপড়ে আবৃত বস্তাবন্দি লাশের দু’টি কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার আটঘর ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামের একটি ফসলি জমি থেকে লাশের বস্তা দু’টি উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া লাশ দু’টি স্থানীয় কালা মোল্লার স্ত্রী মোছা: হাবিবা বেগম (৬০) ও একই গ্রামের মরহুম মোসলেম শেখের ছেলে মো: ইদ্রিস শেখের (৬৫)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মৃত হাবিবা ও ইদ্রিস তিন থেকে চার মাস আগে মারা যান। পরে তাদের গোয়ালপাড়া কবরস্থানে দাফন করা হয়। অজ্ঞাতনামা ব্যক্তিরা লাশ দু’টি সকলের অগোচরে চুরি করে নেয়ার চেষ্টা করে ব্যর্থ হয়ে লাশ দু’টিকে গোয়ালপাড়া কবরস্থান থেকে প্রায় ১ কিলোমিটার দূরে একটি ফসলি জমিতে ফেলে রেখে চলে যায়। পরে সকালে বস্তা ভর্তি লাশকে কুকুরে টানাটানি করার সময় স্থানীয় লোকজন দেখতে পেয়ে থানায় খবর দেয়। খবর পেয়ে সালথা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ দু’টি উদ্ধার করে।
এছাড়াও গোয়ালপাড়া কবরস্থানে খোঁজ নিয়ে জানা যায়, কবর থেকে আরো দু’টি লাশ উধাও হয়ে গেছে।
সালথা থানার উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে সালথা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ সদৃশ্য দু’টি কঙ্কাল উদ্ধার করে।
এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।






















