ফরিদপুরে পদ্মার ভাঙনে গৃহহারা শতাধিক পরিবার
- আপডেট সময় : ১০:০০:২৯ অপরাহ্ন, শনিবার, ৮ জুলাই ২০২৩
- / 460
পদ্মা নদীর পানি বাড়ার সঙ্গে সঙ্গে ফরিদপুর জেলা সদরের নর্থ চ্যানেল ইউনিয়নে তীব্র ভাঙন দেখা দিয়েছে। গত ২৬ জুন থেকে এ ভাঙন শুরু হয় ইউনিয়নের ইউসুফ মাতুব্বরের ডাঙ্গী গ্রামে। ভাঙনের কবলে পড়ে গত ১২ দিনে শতাধিক পরিবার গৃহহারা হয়েছেন। নদীগর্ভে বিলীন হয়ে গেছে অন্তত ১০ একর ফসলি জমি।পাশাপাশি ভাঙনের ঝুঁকিতে রয়েছে আরও দেড় শতাধিক পরিবারের বসতবাড়ি, একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, একটি কমিউনিটি ক্লিনিক ও একটি পাকা মসজিদ। এলাকাবাসী জানায়, গত ১২ দিন ধরে নদীর ভাঙন শুরু হয়েছে।
ভাঙনে মানুষ বসতভিটা, ফসলি জমি হারাচ্ছেন। অথচ সরকারি কিংবা বেসরকারি পর্যায়ে তাদের সাহায্য করাতো দূরের কথা চোখের দেখা দেখতেও কোনো কর্মকর্তা ঘটনাস্থলে আসেননি।
স্থানীয় সূত্রে জানা গেছে, উল্লিখিত ব্যক্তিরা ছাড়াও ওই এলাকার মাইমুদ্দিন মোল্লা, আলী তালুকদার, মোকা তালুকদার, শাহা শেখ, লাল মোল্লা, কবির খলিফা, আলতাফ মিয়া, জহিরুল শেখ, শহীদ শেখ, আলেপ শেখ রাকিব মোল্যাসহ শতাধিক পরিবারের বসতভিটা গত ১২ দিনে বিলীন হয়ে গেছে। এদিকে এ ভাঙন রোধে গত ৫ জুলাই থেকে বালি ভর্তি জিও ব্যাগ ফেলা শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ফরিদপুর। ভাঙন কবলিত ওই এলাকায় ঘুরে এ তথ্য জানা গেছে।
সরেজমিনে দেখা যায়, ইউসুফ মাতুব্বরের ডাঙ্গী গ্রামের উত্তরে কালাম শেখের বাড়ি থেকে শুরু করে দক্ষিণে কাইমুদ্দিন মোল্লার বাড়ি পর্যন্ত নদীর পাড়ে দুই কিলোমিটার এলাকাজুড়ে এ ভাঙন চলছে। ইতোমধ্যে নদীর পাড় ভাঙতে ভাঙতে ৩০০-৪০০ মিটার ভেতরে ঢুকে গেছে। ফলে বিলীন হয়ে যাচ্ছে বিভিন্ন ফসলি জমি। আবার ভাঙনের মুখে শস্য কেটে নিতে দেখা যায় এলাকার লোকজনদের।
























