ফরিদপুরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত
- আপডেট সময় : ০৪:০২:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অগাস্ট ২০২৩
- / 524
সারাদেশের ন্যায় ফরিদপুরেও যথাযোগ্য সম্মানের সাথে ১৫’ই আগস্ট জাতীয় শোক দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসকের গৃহীত কর্মসূচী অনুযায়ী সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধা সরকারি, বেসরকারি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা এবং কালো পতাকা উত্তোলন করা হয়।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৮তম শাহাদত বার্ষিকীতে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহিদ সদস্যদের পূণ্য স্মৃতিতে গভীর শ্রদ্ধা নিবেদন করেন পুলিশ সুপার, ফরিদপুর। আজ সকালে জেলা প্রশাসকের কার্যালয় হতে জাতীয় শোক দিবস-২০২৩ উপলক্ষে শোক র্যালি বের হয়। র্যালিটি নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু কমপ্লেক্স, গোয়ালচামট এসে শেষ হয়।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের শহিদ সদস্যদের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে বিনম্র শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন জনাব মোঃ কামরুল আহসান তালুকদার, পিএএ, জেলা প্রশাসক, ফরিদপুর এবং জনাব মোঃ শাহজাহান, পিপিএম, পুলিশ সুপার, ফরিদপুর। পুলিশ সুপার মহোদয় পুষ্পস্তবক অর্পণ শেষে জাতির পিতার প্রতি সন্মান প্রদর্শণ করেন ও সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তার পরিবারের সকল শহিদের আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি জনাব শামিম হক, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক জনাব শাহ মোঃ ইশতিয়াক আরিফ, পৌর মেয়র জনাব অমিতাভ বোসসহ আওয়ামী লীগের অঙ্গসংগঠন, বিভিন্ন সরকারী দপ্তর এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতাকর্মীবৃন্দ ও সর্বস্তরের জনসাধারণ। জেলা প্রশাসকের গৃহীত কর্মসূচী অনুযায়ী জেলার মডেল মসজিদসহ সকল মসজিদ, রামকৃষ্ণ মিশন আশ্রম, ফরিদপুরসহ জেলার সকল মন্দির, ব্যাপ্টিস্ট চার্চসহ জেলার অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠান ও জেলার সকল প্যাগোডাসহ অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে দোয়া ও বিশেষ প্রার্থনার আয়োজন করার জন্য দিকনির্দেশনা দেয়া হয়েছে। জেলার সকল সরকারি- বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় শোক দিবসের আলোচনা সভা, শোক র্যালি, কবিতা পাঠ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, চিত্র প্রদর্শনী, হামদ-নাত প্রতিযোগিতা এবং দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে।


























