বগুড়ায় সন্তানকে বেঁধে রেখে মা’কে হত্যা
- আপডেট সময় : ১১:২২:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ অক্টোবর ২০২৩
- / 191
বগুড়ায় তিন বছরের শিশুকে বেঁধে রেখে মা তাছলিমা বেগমকে (২৪) হাতুড়ি দিয়ে মাথা থেতলিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সন্ধ্যার পর বগুড়া শহরের নিশিন্দারা মধ্যপাড়ায় নিজ বাড়িতে হত্যার শিকার হন ওই নারী।
বগুড়ার উপশহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক জালাল উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
তাছলিমা বেগম নিশিন্দারা মধ্যপাড়ার সিরাজুল ইসলামের স্ত্রী। সিরাজুল বগুড়া শহরের হকার্স মার্কেটে কাপড়ের ব্যবসা করেন। তিনি বলেন, রাত ৯ টার দিকে বাড়িতে ঢুকে দেখি আমার তিন বছর বয়সী শিশু কাজিম আলীকে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে। স্ত্রী তাছলিমার লাশ বারান্দায় পড়ে আছে। লাশের পাশে একটি হাতুড়িও পড়ে ছিল।
ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, তিন রুমের টিনশেডের বাড়িতে সিরাজুল ইসলাম স্ত্রী সন্তান নিয়ে বসবাস করেন। তাদের বেড রুমে বিছানা এবং সোফা সেট দেখে পুলিশের ধারণা- হত্যাকাণ্ডের আগে দুর্বৃত্তদের সাথে ওই নারীর ধস্তাধস্তি হয়েছে। এছাড়াও তাছলিমার মোবাইল ফোনটিও পাওয়া যাচ্ছে না। পুলিশের ধারণা- অজ্ঞাত দুর্বৃত্তরা কৌশলে বাড়িতে প্রবেশ করে সন্তানকে বেঁধে রেখে তাছলিমাকে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে হত্যা করে।
তবে হত্যার আগে ধর্ষণের ঘটনা ঘটেছে কি না সে বিষয়ে পুলিশ এখনও নিশ্চিত না।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইহান ওলিউল্লাহ বলেন, এখন পর্যন্ত কোন রহস্য বোঝা যাচ্ছে না। রহস্য উদঘাটনসহ জড়িতদের শনাক্ত করতে পুলিশের একাধিক টিম কাজ শুরু করেছে।

















