বরিশাল-ঢাকা মহাসড়কে বাস ও বালুবাহী ট্রেইলর-ট্রাক্টরের সংঘর্ষে এক যাত্রী নিহত, আহত ১৫
- আপডেট সময় : ০১:৫০:২৪ অপরাহ্ন, রবিবার, ৬ অগাস্ট ২০২৩
- / 396
বরিশাল-ঢাকা মহাসড়কে গৌরনদীর খাঞ্জাপুর এলাকায় শনিবার গভীর রাতে ইউনিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও বালুবাহী ট্রেইলরের মুখোমুখী সংঘর্ষে ১জন নিহত এবং নারী ও শিশুসহ কমপক্ষে ১৫জন বাসযাত্রী আহত হয়েছেন। ভয়াবহ এ সংঘর্ষে যাত্রীবাহী বাসটির সামনে থেকে ডান পাশের বেশীরভাগ অংশ দুমড়ে-মুচড়ে গেছে। দুর্ঘটনায় গুরুতর আহত যাত্রী সনিয়া আক্তার (২২) ও ইউনুস সরদার (৬৫)কে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান হয়েছে। বাকী আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ প্রাইভেট ক্লিনিক ও চিকিৎসকদের মাধ্যমে চিকিৎসা দেয়া হয়েছে।
দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী, পুলিশ, আহত বাসযাত্রী ও ফায়ার সার্ভিস কর্মীরা জানিয়েছেন, কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে ৪০ যাত্রী নিয়ে ছেড়ে আসা ঢাকাগামী ইউনিক পরিবহনের বেপরোয়া গতির যাত্রীবাহী বাসটি শনিবার রাতে বরিশাল-ঢাকা জাতীয় মহাসড়কের গৌরনদী উপজেলার ইল্লা-ভূরঘাটা বাসষ্টান্ডের মাঝামাঝি খাঞ্জাপুর এলাকা অতিক্রম কালে ভূরঘাটা থেকে ছেড়ে আসা একটি বালুবাহী ট্রেইলার নিয়ে আসা ট্রাক্টরের সাথে মুখোমুখী সংঘর্ষ হয়। ভয়াবহ এ দুর্ঘটনায় ইউনিক পরিবহনের বাসটির সামনের অংশসহ ডান পাশ ভেঙ্গে দুমড়ে-মুচড়ে যায়। ফলে বাসটির ভেতরে থাকা ৪০ জন যাত্রীর মধ্যে কমপক্ষে ১৫জন কম বেশী আহত হয়েছেন।
খবর পেয়ে গৌরনদী ফায়ার সার্ভিস ও হাইওয়ে থানা পুলিশ সহ স্থানীয় এলাকাবাসী ছুটে এসে অঅহত যাত্রীদের উদ্ধার করে।
গৌরনদী হাইওয়ে থানার ওসি মোঃ গোলাম রসুল মোল্লা সাংবাদিকদের জানান, ভয়াবহ এ দুর্ঘটনায় আব্দুর রহমান সোহাগ (২২) নামের এক বাসযাত্রী নিহত হয়েছেন। তার বাড়ি কুমিল্লা জেলার লাকসাম উপজেলার নারীদিয়া গ্রামে। দুর্ঘটনার পরপরই বালুবাহী ট্রাক্টর এবং বাসটির চালক ও হেলাপারগন পালিয়ে গেছে।






















