মসজিদের মাইকে পঞ্চম স্ত্রীকে তালাক দিলেন আ.লীগ নেতা
- আপডেট সময় : ১০:৩১:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩
- / 156
জামালপুরে এক ব্যতিক্রমী পন্থায় স্ত্রীকে তালাকের ঘটনা ঘটেছে। জেলার মেলান্দহে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে স্ত্রীকে তালাক দিয়েছেন জাকির হোসেন (৩৫) নামে এক স্থানীয় আওয়ামী লীগ নেতা। ইনি তার পঞ্চম স্ত্রী বলে জানা গেছে।
গত ৫ ডিসেম্বর এ ঘটনা ঘটলেও বিষয়টি সম্প্রতি জানা যায়।
জাকির হোসেন উপজেলার চরবানিপাকুরিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।
জানা যায়, সাংসারিক জীবনে বনিবনা না হওয়ায় এবং অনৈতিক সম্পর্কের অভিযোগ তুলে গ্রামের মসজিদের মাইকে ঘোষণা দিয়ে স্ত্রীকে তালাক দেন জাকির হোসেন। মাইকে ঘোষণা দেওয়ার পরপরই এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই আপলোড করেন। এরপর নানা মন্তব্যের কারণে পরবর্তীতে ভিডিওটি সরিয়ে ফেলেন তিনি।
স্থানীয়রা জানিয়েছেন, জাকির হোসেন এর আগেও কয়েকবার তার স্ত্রীকে মৌখিকভাবে তালাক দিলেও বিষয়টি কেউ আমলে নেয়নি। তবে শেষপর্যন্ত মসজিদের মাইকে ঘোষণা দেওয়ার সিদ্ধান্ত নেন জাকির। তাই ওই দিন আসরের নামাজ শেষ করে মুসল্লিরা মসজিদ থেকে বের হলে জাকির মসজিদে ঢুকে মাইকে সবার দৃষ্টি আকর্ষণ করে নিজের বউকে তালাক প্রদান করেন।
বিষয়টি নিয়ে জাকির হোসেনের স্ত্রী শিখা বলেন, ১০ বছর ধরে বিয়ে হয়েছে তাদের। তাদের ঘরে দুটি সন্তান রয়েছে। জাকির হোসেন এর আগেও বেশ কয়েকটি বিয়ে করেছেন। তিনি জাকিরের পঞ্চম স্ত্রী। জাকির ভাইরাল হওয়ার জন্যই মসজিদের মাইকে তাকে তালাক দেওয়ার কথা ঘোষণা করে এবং তা ফেসবুকে আপলোড করে।
এমন ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমসহ এলাকায় নানা আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। জাকির ও শিখার তালাকের বিষয়টি দ্রুত আইনিভাবে নিষ্পত্তির মাধ্যমে সমাধানের দাবি জানান এলাকাবাসী।


















