রাতের আঁধারে গাছে ঝুলছিল যুবকের মরদেহ
- আপডেট সময় : ১১:৩৭:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ২৫ অক্টোবর ২০২৩
- / 139
কুড়িগ্রামে রাতের আঁধারে এক গাছে ঝুলন্ত অবস্থায় গাডু মিয়া (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২৪ অক্টোবর) রাত ১১টার দিকে শহরের রিভার ভিউ স্কুল মোড় থেকে ওই যুবকের ঝুলন্ত মরদেহটি উদ্ধার করে পুলিশ।
সদর থানার পরিদর্শক (তদন্ত) এম আর সাঈদ বিষয়টি নিশ্চিত করেছেন।
গাডু মিয়া কুড়িগ্রাম সদরের ঘোগাদহ ইউনিয়নের রসুলপুর গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানান, হঠাৎ করেই গাছের ওপর একটি শব্দ হয়। সেই শব্দ শুনেই লোকজন লাইট জ্বালিয়ে দেখতে পান গাছের ডালে বৈদ্যুতিক তার গলায় পেঁচিয়ে এক যুবক ঝুলে আছে। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। তারা এসে গাছ থেকে মরদেহ নামিয়ে আনে। এরপর নিহতের পকেটে থাকা মোবাইল ফোনের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করে সদর থানা পুলিশ।
পরিদর্শক তদন্ত এম আর সাঈদ বলেন, ধারণা করা হচ্ছে, ওই যুবক গাছে উঠে গলায় বিদ্যুতের তার পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। নিহতের পরিবারে খবর দেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।




















