লালমোহনে ছাত্রলীগ নেতার ঘরে বোমা বিস্ফোরণে নিহত ১
- আপডেট সময় : ১১:২১:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ নভেম্বর ২০২৩
- / 143
লালমোহনে ছাত্রলীগ নেতার বাড়িতে বোমা বিস্ফোরণে মনির বয়াতি (৫০) নিহত হয়েছেন। এ ঘটনায় ফিরোজ মাঝি (৩৫) নামে আরেকজন আহত হয়েছেন। বোমা বিস্ফোরণে উড়ে যায় ঘরের টিনের চালা ও বেড়া। বসতঘরটি তছনছ হয়ে গেছে। আহত ফিরোজ মাঝিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। সোমবার রাতে উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের জনতা বাজার এলাকার আজহার মাঝির বাড়িতে এ ঘটনা ঘটে। আজহার মাঝির ছেলে শরীফুল ইসলাম জয় ধলীগৌরনগর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক।
সরেজমিন দেখা যায়, বোমার আঘাতে ঘরের চালা ও বেড়া ছিন্নভিন্ন হয়ে গেছে। বোমা তৈরির কিছু সরঞ্জাম পুলিশ জব্দ করেছে। এর মধ্যে পাউডারজাতীয় পদার্থ, স্কচটেপ, জর্দার কৌটা রয়েছে। আজহার মাঝি জানান, রাত ১১টার দিকে বিকট শব্দে ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠে দেখি পুরো ঘর ধোঁয়াচ্ছন্ন। জাহাঙ্গীরের কাছে আসা মনির ও ফিরোজকে রক্তাক্ত অবস্থায় কাতরাতে দেখি। তারা জানায়, কয়েকজন দুর্বৃত্ত বসতঘর লক্ষ্য করে বোমা নিক্ষেপ করেছে। অ্যাম্বুলেন্সে তাদের ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। সেখান থেকে তাদের বরিশাল পাঠানো হয়। পথিমধ্যে মনির বয়াতি মারা যান। অন্যজনকে ঢাকায় নেওয়া হয়েছে।
৪ নম্বর ওয়ার্ডের সালাউদ্দিন মেম্বার বলেন, মনির বয়াতি বোমা তৈরির কারিগর। এ বিষয়ে লালমোহন সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বাবুল আকতার জানান, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। ঘর থেকে কিছু আলামত উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে তদন্ত চলছে।


















