সদরপুরে ধর্ষণ মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত পালাতক আসামী গ্রেফতার
- আপডেট সময় : ১০:২৪:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অগাস্ট ২০২৩
- / 164
ফরিদপুরের সদরপুরে ধর্ষণ মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পালাতক আসামী চুন্নু মাতুব্বর (৫৫) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ । গত সোমবার (২১ আগস্ট) রাতে কুমিল্লার জেলার চান্দিনা উপজেলার কালিয়াচর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব ও সদরপুর পুলিশের একটি দল। গ্রেপ্তারকৃত চুন্নু উপজেলা সদর ইউনিয়নের চর ব্রাহ্মণদী গ্রামের রহিম মতুব্বরের ছেলে।
জানা যায়, ২০১২ সালে একই গ্রামের হারুন মুন্সীর মেয়ে রাসিদা আক্তারকে(২৬) প্রাইভেট পড়াতে গিয়ে ধর্ষণ করে হত্যা করে চুন্নু। এ ঘটনায় ধর্ষিতার ভাই আলমগীর হোসেন বাদী হয়ে সদরপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা (নং-১,তারিখ: ০৮-০২-২০১২) করেন। পরবর্তীতে ওই মামলায় ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে চলতি বছরের ফেব্রুয়ারিতে (২০২৩) বিজ্ঞ আদালত তাকে মৃত্যুদণ্ড প্রদান করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সদরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইলিয়াস হোসেন জানান, মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক এই আসামি দীর্ঘ ১১ বছর ছদ্মবেশে কুমিল্লাসহ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করেছিলেন। তিনি বলেন, আজ মঙ্গলবার গ্রেফতার হওয়া মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি চুন্নু মাতুব্বরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়ে দেওয়া হয়েছে।

























