সদরপুরে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার, ৭ জেলেকে জরিমানা
- আপডেট সময় : ০৩:৫৪:২৫ অপরাহ্ন, শনিবার, ২১ অক্টোবর ২০২৩
- / 136
ফরিদপুরের সদরপুরে নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মায় মা ইলিশ ধরার অপরাধে ৭ জেলেকে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। এ সময় প্রায় ৫ হাজার মিটার কারেন্ট জাল ও ৬ কেজি ইলিশ জব্দ করা হয়েছে। পরবর্তীতে জাল আগুনে পুড়িয়ে ফেলা হয়েছে ও জব্দকৃত মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২০ অক্টোবর) রাতে উপজেলার শয়তানখালী এলাকার পদ্মা থেকে তাদের আটক করে ভ্রাম্যমান আদালত।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আহসান মাহমুদ রাসেল। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার, উপজেলা মৎস কর্মকর্তা এস.এম জাহাঙ্গীর কবির ও সদরপুর থানা পুলিশ।
উপজেলা নির্বাহী অফিসার আহসান মাহমুদ রাসেল বলেন, মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ এর ৫ (১) ধারায় তাদের জরিমানা করা হয় । আগামী ২ নভেম্বর পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।





















