সালথায় নছিমনের ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে স্কুলছাত্র নিহত
- আপডেট সময় : ১০:৫০:১৮ অপরাহ্ন, বুধবার, ২৩ নভেম্বর ২০২২
- / 177
ফরিদপুরের সালথা উপজেলায় মোটরসাইকেল ও নছিমনের মুখোমুখি সংঘর্ষে মো. জিহাদ মোল্লা (১৭) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার গট্টি ইউনিয়নের কসবাগট্টি চেয়ারম্যান বাড়ির রাস্তার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জিহাদ ফরিদপুর সদর উপজেলার কৈজুরি ইউনিয়নের ঘোড়াদহ গ্রামের কাইয়ুম মোল্লার ছেলে। সে স্থানীয় লস্করকান্দি উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল।
দুর্ঘটনায় আরও দুই কিশোর ও কিশোরী আহত হয়েছে। তারা হলো নিহত জিহাদের ফুফাতো বোন সদরের প্রতাপপুর গ্রামের বাবু মোল্লার মেয়ে বন্যা আক্তার (১৫) ও জিহাদের বন্ধু সোহেল শেখ (১৬)।
প্রত্যক্ষদর্শী কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, দুপুর সাড়ে ১২টার দিকে সালথা উপজেলার কসবাগট্টি চেয়ারম্যান বাড়ির রাস্তার মোড়ে ফরিদপুর-সালথা সড়কে সদরের দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা নছিমনের মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় ওই স্কুলছাত্র ও কিশোর-কিশোরীকে উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক স্কুলছাত্র জিহাদকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত কিশোরী বন্যাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। অন্যজন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। দুর্ঘটনার পর নছিমনের চালক পালিয়ে যান।
কৈজুরি ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য মো. আবদুল জলিল বলেন, জিহাদ, বন্যা ও সোহেল সালথায় বন্যার ভাইয়ের শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়েছিল। সেখান থেকে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ সাদিক বলেন, ফরিদপুর-সালথা সড়কে মোটরসাইকেল ও নছিমনের সংঘর্ষে একজন নিহত ও দুজন আহত হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।




























