স্বামীকে অস্ত্রের ভয় দেখিয়ে স্ত্রীকে ধর্ষণ
- আপডেট সময় : ০৬:৪৩:১৪ অপরাহ্ন, সোমবার, ২৫ ডিসেম্বর ২০২৩
- / 212
গাজীপুরের টঙ্গীতে অস্ত্রের ভয় দেখিয়ে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। শনিবার রাত ১০টার দিকে টঙ্গীর বনমালা রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে।
রোববার বিকালে নির্যাতিতা ওই নারী থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ ঘটনাটির তদন্তে নামে। ঘটনাটির আংশিক সত্যতা পেয়ে সোমবার দুপুরে একটি ধর্ষণ মামলা নেয় পুলিশ।
ধর্ষণের বিষয়টি নিশ্চিত করেছেন টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. মুস্তাফিজুর রহমান।
ধর্ষণের ঘটনায় টঙ্গীর বর্ণমালা টেকপাড়া এলাকার মিজানুর রহমানের ছেলে হাসান (৩০), একই এলাকার সোহাগ ওরফে লাড্ডু সোহাগসহ (২৫) অজ্ঞাত আরও তিনজনকে আসামি করা হয়।
অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্ত হাসান ও সোহাগ নির্যাতিতা নারীর স্বামীর পূর্ব পরিচিত। নির্যাতিতাকে চাকরি পাইয়ে দেওয়ার কথা বলে হাসান ও সোহাগ গত শনিবার রাতে বর্ণমালা এলাকার একটি হোটেলে তার স্বামীকে ডাকেন। এর মধ্যে কয়েক ঘণ্টা পেরিয়ে গেলে নির্যাতিতা নারী তার স্বামীকে ফোন করলে হাসান ফোন রিসিভ করে তাকেও ওই হোটেলে আসতে বলেন। পরে নির্যাতিতা নারী ওই হোটেলের সামনে গেলে তার স্বামীকে একটি সুইচ গিয়ারের (ছোরা) মুখে জিম্মি করে সোহাগ ও অজ্ঞাত তিনজন অভিযুক্ত। এ সময় হোটেলের পাশের কৃষিজমিতে নিয়ে ওই নারীকে ধর্ষণ করে হাসান। ঘটনাটি পুলিশকে জানালে স্বামী-স্ত্রীকে হত্যার হুমকি দিয়ে তাদের ছেড়ে দেয় তারা।
নির্যাতিতার স্বামী বলেন, আমার স্ত্রী একটি পোশাক কারখানায় কাজ করতেন। তার জাতীয় পরিচয়পত্র নেই। তাই কারখানা কর্তৃপক্ষ আমার স্ত্রীকে চাকরি থেকে অব্যাহতি দেয়। বিষয়টি আমি হাসান ও সোহাগকে জানালে তারা আমার স্ত্রীকে চাকরি পাইয়ে দেওয়ার কথা বলে আমাকে একটি হোটেলে ডাকেন। কিছুক্ষণ পর আমার স্ত্রী আমাকে ফোন করলে হাসান তাকেও হোটেলে ডাকেন। স্ত্রী হোটেলের সামনে এলে আমাকে একটি সুইচ গিয়ারের মুখে জিম্মি করে আমার স্ত্রীকে ধর্ষণ করে। সোমবার আমাদের মামলা নিয়েছে পুলিশ।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. মুস্তাফিজুর রহমান বলেন, ওই নারীর স্বাস্থ্য পরীক্ষার জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।




















