হতাশাগ্রস্থ প্রদীপ বাগ
- আপডেট সময় : ০৫:২৪:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৩ নভেম্বর ২০২২
- / 377
দিনের শেষে দৃশ্যমান নিত্য সূর্য ডোবার পালা,
হামাগুড়ি দিয়ে ক্রমশ ছেয়ে যায় নিকষ অন্ধকার।
কর্মব্যস্ত জীবন ঢুলুঢুলু চোখে হাতড়ায় আলোর ঠিকানা,
হতাশাগ্রস্থ হাল ছেড়ে দেয়-হয়তো পেলেও পেতে পারে প্রাণের মোহনা।
বাসর রাতের মাথার নিচে স্বপ্নেভরা শপথের শিমুল তুলোর বালিশ,
গুঁড়ো হয়ে তুলোগুলো চুপসে গেছে আজ আর স্বপ্ন দেখিনা।
হিজিবিজি ই,সি,জি,বক্ররেখায় হৃদয়ের প্রতিচ্ছবি আঁকে ভিন্ন পথে,
সোহাগের স্মৃতিচিহ্ন ভেসে ওঠে দৃশ্যপট নিভৃতে রাত্রি নিশিথে,
কোঁচকানো তোবড়া গালে প্রসাধন চালসে ধরা চোখে রিমলেস চশমা যৌবন আসেনা ফিরে,
বুকের মাঝে শত আঘাতের দগদগে ঘা তাজা রক্ত চুয়ে বয়ে ফল্গুধারা।
কুয়াশার চাদরে ঢাকা দমকা শীতল বাতাস শরীরের উষ্ণতাকে প্রশমিত করে কাঁটা দিয়ে ওঠে গায়ে,
দরজার পাল্লাটা বারে বারে দোলা দিয়ে মাথা নেড়ে বুঝিয়ে দেয়-নেই ওখানে কেউ নেই,আসবেনা আর কেউ কোনদিনও সন্তর্পনে নিঃসঙ্গ রাতে……




























