হত্যার পর যুবকের কেটে নেয়া হাত নিয়ে উল্লাস খুনিদের
- আপডেট সময় : ১২:০৬:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০২৩
- / 199
ফরিদপুরের অম্বিকাপুরে নৃশংসভাবে কুপিয়ে বাম হাতের কনুইয়ের ওপর থেকে কেটে বিচ্ছিন্ন করে আসাদুজ্জামান নূর ওরফে তুরাগ (২৮) নামে এক যুবককে হত্যা করা হয়েছে। হত্যার পর তুরাগের কেটে নেয়া বাম হাত নিয়ে হত্যাকারীরা উল্লাস করে বলে জানা গেছে।
বুধবার (১১ অক্টোবর) সন্ধ্যায় একটি মেহগনি বাগানে ফেলে রাখা ওই যুবকের ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত তুরাগ শহরের মধ্যআলীপুর মহল্লার কানাই মাতুব্বরের মোড় এলাকার জনৈক আলাউদ্দিন হাওলাদারের ছেলে বলে জানা গেছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গোবিন্দপুর এলাকার জামাল মোল্লা নামের এক ব্যক্তির মেহগনি বাগানের পশ্চিম পাশে ক্ষত-বিক্ষত একটি লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
নিহতের বাঁ হাতের কনুইয়ের ওপর অংশ শরীর থেকে বিছিন্ন করে কেটে ফেলা হয়েছে। ডান হাতে ও দুই হাঁটুতে কোপের আঘাত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ঘটনাস্থলে সিআইডির ক্রাইমসিন ও পিবিআই পুলিশের একটি টিম পৌঁছে তদন্ত করছে।
ফরিদপুরের কোতয়ালী থানার এসআই বেলাল হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। এছাড়া এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এ ব্যাপারে বিস্তারিত কিছু জানা যায়নি। তবে স্থানীয় অনেকে নাম প্রকাশে অনেকে জানান, হত্যার পর তুরাগের কেটে নেয়া বাম হাত নিয়ে উল্লাস করে হত্যাকারীরা। এ ঘটনায় ওই এলাকার চিহ্নিত এক মাদককারবারির এক গ্রুপের সম্পৃক্ততার খবর জানা গেছে।


















