৭ হাজার টাকা ছিনতাই করতে তিনজন মিলে খুন, ধরা পড়ল সিসি ক্যামেরায়
প্রতিনিধি সিলেট
- আপডেট সময় : ১১:৪৬:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২ জুন ২০২৩
- / 329
সিলেটে ছুরিকাঘাতে গোবিন্দ দাস নামের এক সবজি ব্যবসায়ী খুনের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে ছিনতাই হওয়া ৪ হাজার ৩০০ টাকা ও একটি ছুরি উদ্ধার করা হয়েছে।
পুলিশ বলছে, গত বৃহস্পতিবার ভোরে নগরের ধোপাদীঘিরপাড়–লাগোয়া একটি গলিতে ছিনতাই করতে গোবিন্দ দাসকে ছুরিকাঘাত করা হয়। ছিনতাই মিশনে অংশ নেন পাঁচজন। তাঁদের মধ্যে তিনজন সরাসরি পথরোধ করে ছুরিকাঘাত করেন এবং বাকি দুজন সড়কে পাহারা দিচ্ছিলেন। এসব ঘটনা ধরা পড়ে এলাকার সিসি ক্যামেরায়।
খুন হওয়া ব্যবসায়ী গোবিন্দ দাস সুনামগঞ্জের শাল্লা উপজেলা বড়গাঁও গ্রামের বাসিন্দা। তিনি নগরের আখালিয়া নতুন বাজার এলাকায় পরিবারসহ বসবাস করতেন। ছুরিকাঘাতে আহত গোবিন্দ দাসকে উদ্ধারের পর হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় নিহত ব্যক্তির ভাই বাদী হয়ে থানায় মামলা করেছেন।






















