খাবার নেই, পানি নেই! সাগরেই ফেলা হলো সুনামগঞ্জের ১০ জনের লাশ
- আপডেট সময় : ০২:০৮:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬
- / 263
লিবিয়া থেকে সাগরপথে গ্রিস যাওয়ার পথে দেখা দিল চরম মানবিক বিপর্যয়। তীব্র খাবার ও পানি সংকটে ভুগে মাঝসমুদ্রে প্রাণ হারিয়েছেন ১৮ জন অভিবাসনপ্রত্যাশী। ভয়াবহ এই যাত্রায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে এখন পর্যন্ত ১০ জনের পরিচয় শনাক্ত করা গেছে, যাদের সবার বাড়ি সুনামগঞ্জ জেলায়।
৬ দিন সাগরে ভাসমান যমদূত
বেঁচে ফেরা ও গ্রিসের ক্যাম্পে থাকা প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, দালালের মাধ্যমে রাবারের বোটে করে তারা গ্রিসের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। কিন্তু মাঝপথে নিয়ন্ত্রণ হারিয়ে বোটটি টানা ছয় দিন উত্তাল সাগরে ভাসতে থাকে। দীর্ঘ সময় খাবার ও বিশুদ্ধ পানি না থাকায় একের পর এক মানুষ অসুস্থ হয়ে পড়েন এবং মৃত্যুর কোলে ঢলে পড়েন। এক পর্যায়ে উপায় না পেয়ে তাদের মরদেহ সাগরেই ভাসিয়ে দেওয়া হয়।
পরিচয় মিলেছে যাদের
স্থানীয় জনপ্রতিনিধি ও স্বজনদের দেওয়া তথ্যমতে, নিহতদের মধ্যে সুনামগঞ্জের দিরাই উপজেলার ৪ জন, জগন্নাথপুর উপজেলার ৬ জন এবং দোয়ারাবাজার উপজেলার ১ জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। ১২ লাখ টাকার চুক্তিতে দালালের হাত ধরে গত মাসে তারা বাড়ি থেকে উন্নত জীবনের আশায় ইউরোপের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। কয়েকদিন নিখোঁজ থাকার পর রোববার বিকেলে গ্রিসে থাকা পরিচিতদের মাধ্যমে তাদের এই মর্মান্তিক মৃত্যুর খবর আসে।
উদ্ধার ও বর্তমান অবস্থা
২৭ মার্চ সাগর থেকে উদ্ধার হওয়া ব্যক্তিদের বর্তমানে গ্রিসের একটি ক্যাম্পে রাখা হয়েছে। উদ্ধারকৃতদের মধ্যে দুইজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক হওয়ায় তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা ক্যাম্পে চিকিৎসাধীন রয়েছেন। সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার জানিয়েছেন, বিভিন্ন মাধ্যমে ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং পুলিশ বিস্তারিত তথ্য নিশ্চিত করতে কাজ করছে।











