ফরিদপুরের চড়া দামে ডিজেল বিক্রি: নির্বিকার প্রশাসন, কৃষকদের ক্ষোভ
- আপডেট সময় : ১০:১৯:২৬ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬
- / 158
ফরিদপুরের আলফাডাঙ্গায় জ্বালানি তেলের কৃত্রিম সংকট দেখিয়ে কৃষকদের পকেট কাটছে একদল অসাধু ব্যবসায়ী। লিটারপ্রতি ১৫৫ থেকে ১৬০ টাকা দরে ডিজেল বিক্রি হলেও রহস্যজনক কারণে নীরব ভূমিকা পালন করছে স্থানীয় প্রশাসন। ভুক্তভোগী কৃষকরা বারবার অভিযোগ জানালেও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও সহকারী কমিশনারের (ভূমি) পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ না নেওয়ায় সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
অভিযোগ দিলেও ব্যবস্থা নেই
মঙ্গলবার (৩১ মার্চ) উপজেলার গোপালপুর, হেলেঞ্চা ও সদর বাজারে সরেজমিনে গিয়ে দেখা যায়, সরকার নির্ধারিত দামের চেয়ে লিটারপ্রতি ৫০-৬০ টাকা বেশি দামে ডিজেল বিক্রি হচ্ছে। ভুক্তভোগী কৃষক বাকু শেখ জানান, “আমি এসিল্যান্ড স্যারের সরকারি নম্বরে ফোন করে অভিযোগ দিয়েছি যে বাজারে ১৫৫ টাকা লিটার নিচ্ছে। তিনি সব শুনলেন কিন্তু কোনো ব্যবস্থা নিলেন না। আমরা প্রায় ১০০ মানুষ তার অপেক্ষায় দাঁড়িয়ে ছিলাম।”
প্রশাসনের দায়সারা বক্তব্য
বিষয়টি নিয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট একেএম রায়হানুর রহমান জানান, উপজেলায় কোনো লাইসেন্সধারী ডিলার না থাকায় খুচরা বিক্রেতারা চড়া দামে কিনে বেশি দামে বিক্রি করছে। তিনি আরও দাবি করেন, জরিমানা করলে বিক্রেতারা তেল সরবরাহ বন্ধ করে দিতে পারে, যার ফলে কৃষকরা তেল পাবে না।
অন্যদিকে, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত নুর মৌসুমির সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। এমনকি তার হোয়াটসঅ্যাপে সব তথ্য পৌঁছে দেওয়ার পরও এখন পর্যন্ত কোনো ভ্রাম্যমাণ আদালত বা অভিযান পরিচালনা করা হয়নি।
বিপর্যস্ত চাষাবাদ
অতিরিক্ত দামে তেল কিনতে বাধ্য হওয়ায় সেচ পাম্প ও ট্রাক্টর চালাতে হিমশিম খাচ্ছেন কৃষকরা। এতে জমি প্রস্তুত করতে না পারায় চলতি মৌসুমে ফসল উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। স্থানীয় সচেতন মহলের দাবি, প্রশাসনের এই উদাসীনতা কালোবাজারিদের আরও উৎসাহিত করছে। দ্রুত বাজার তদারকি না করলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে।










