ভারতে মুসলিম নিধনের প্রতিবাদে মধুখালীতে বিক্ষোভ মিছিল
- আপডেট সময় : ০৪:৩০:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬
- / 151
ভারতের পশ্চিমবঙ্গে উগ্র হিন্দুত্ববাদী বিজেপি কর্তৃক মুসলমানদের ওপর অমানবিক নির্যাতন ও মুসলিম নিধনের প্রতিবাদে ফরিদপুরের মধুখালীতে বিক্ষোভ সমাবেশ ও বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ মে) বাদ জুম্মা মধুখালী কেন্দ্রীয় ঈদগাহ্ মাঠ প্রাঙ্গণে বাংলাদেশ খেলাফত ছাত্র ও যুব মজলিস মধুখালী শাখার উদ্যোগে এই প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়।
বিক্ষোভ ও সমাবেশ:
রিজওয়ান আহম্মেদের সঞ্চালনায় এবং মধুখালী শাখা যুব মজলিসের সভাপতি সাইফুদ্দিনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বিভিন্ন রাজনৈতিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ। সমাবেশে উপস্থিত বক্তারা ভারতের পশ্চিমবঙ্গে চলমান মুসলিম বিরোধী সহিংসতার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
বক্তব্য রাখেন উপজেলা যুব মজলিসের সহ-সভাপতি কবির বিন সাঈদ, পৌর সহ-সভাপতি রাসেল বিন সিরাজ, যুব মজলিসের প্রচার সম্পাদক পাভেল, খেলাফত মজলিস নেতা অখিল মোল্লা এবং জামায়াত নেতা ওয়ালিদ বিন সিরাজসহ আরও অনেকে।
ঘটনার প্রেক্ষাপট:
সমাবেশে বক্তারা উল্লেখ করেন, গত ৪ মে ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে কট্টর হিন্দুত্ববাদী সংগঠন বিজেপি বিজয় লাভ করার পর থেকেই তাদের সমর্থকরা পরিকল্পিতভাবে মুসলমানদের ওপর হামলা চালাচ্ছে। নির্বাচন পরবর্তী এই সহিংসতায় মুসলমানদের ঘরবাড়ি ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগসহ মসজিদ, মাদ্রাসা ও কবরস্থানেও আগুন দেওয়ার মতো জঘন্য ঘটনা ঘটছে যা অত্যন্ত উদ্বেগজনক।
বক্তাদের দাবি:
নেতৃবৃন্দ বলেন, পশ্চিমবঙ্গে মুসলমানদের ওপর যে বর্বরোচিত নির্যাতন চালানো হচ্ছে তা অবিলম্বে বন্ধ করতে হবে। বিশ্ব মুসলিম সম্প্রদায়কে এই নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান তারা। সমাবেশ শেষে একটি বিশাল বিক্ষোভ মিছিল উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে স্থানীয় বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও সাধারণ ধর্মপ্রাণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।





















