ফরিদপুরে আইনজীবীদের প্রতিবাদ সভা: কাঠগড়ায় ধর্ষক-খুনিরা
- আপডেট সময় : ০৭:৫৩:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬
- / 161
শিশু রামিসা ধর্ষণ ও নির্মম হত্যাকাণ্ডসহ দেশব্যাপী ক্রমবর্ধমান নারী ও শিশু হত্যা, ধর্ষণ, নির্যাতন এবং বলাৎকারের জঘন্য ঘটনাগুলোর প্রতিবাদে ফরিদপুরে বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন সাধারণ আইনজীবীরা। রোববার (২৪ মে) দুপুরে ফরিদপুর শহরের ঐতিহাসিক স্বাধীনতা চত্বরে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সাধারণ আইনজীবীদের ব্যানারে আয়োজিত এই মানববন্ধনে ফরিদপুর জেলা আইনজীবী সমিতির সদস্য ছাড়াও বিভিন্ন মানবাধিকার কর্মী এবং সমাজের সচেতন নাগরিকেরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। এ সময় আইনজীবীরা নারী ও শিশু নির্যাতনের সাথে জড়িত অপরাধীদের দ্রুত গ্রেফতার, সুষ্ঠু তদন্ত এবং দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
আইনজীবীদের ক্ষোভ ও দাবি:
প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন অ্যাডভোকেট মেহেরুন্নেসা স্বপ্না। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ফরিদপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট লিয়াকত হোসেন খান বুলু।
সমাবেশে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন ফরিদপুর বারের সাবেক সাধারণ সম্পাদক ও গণতান্ত্রিক আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট বিশ্বজিৎ গাঙ্গুলী, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. হাবিবুর রহমান হাফিজ, মানবাধিকার সংগঠন ব্লাস্টের সমন্বয়ক অ্যাডভোকেট শিপ্রা গোস্বামী, অ্যাডভোকেট লতা আক্তার, অ্যাডভোকেট সোহানুর রহমান সোহেল ও অ্যাডভোকেট ফারজানা প্রমূখ।
বক্তারা গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, “বর্তমানে দেশে নারী ও শিশু নির্যাতনের ঘটনা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। ধর্ষণ, হত্যা ও সহিংসতার মতো বর্বর ও পৈশাচিক ঘটনাগুলো পুরো সমাজকে গভীরভাবে নাড়া দিচ্ছে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, এসব অপরাধের বিচার দীর্ঘসূত্রতায় আটকে যাওয়ায় অপরাধীরা পার পেয়ে যাচ্ছে এবং আরও বেপরোয়া হয়ে উঠছে।” তারা অবিলম্বে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে খুনি ও ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।
সামাজিক প্রতিরোধের ডাক:
আইনজীবী নেতৃবৃন্দ আরও বলেন, শুধু কঠোর আইন প্রয়োগ করেই এই ব্যাধি দূর করা সম্ভব নয়। নারী ও শিশুদের নিরাপদ সমাজ উপহার দিতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং প্রশাসনকে সমন্বিতভাবে এগিয়ে আসতে হবে। সর্বত্র শক্তিশালী সামাজিক প্রতিরোধ গড়ে তোলার জন্য তারা সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান।
কর্মসূচি চলাকালে মানববন্ধনে অংশ নেওয়া আইনজীবীদের হাতে বিভিন্ন প্রতিবাদী প্ল্যাকার্ড ও ফেস্টুন দেখা যায়। এ সময় “নারী ও শিশু নির্যাতনের বিচার চাই”, “ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি নিশ্চিত করো” এবং “নিরাপদ সমাজ গড়তে ঐক্যবদ্ধ হোন”—এমন নানা স্লোগানে মুখরিত হয়ে ওঠে শহরের স্বাধীনতা চত্বর এলাকা।




















