এক মাস পর দেশে ফিরল লেবানন হামলায় নিহত ফরিদপুরের দিপালীর মরদেহ
- আপডেট সময় : ১২:০০:১১ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬
- / 152
মধ্যপ্রাচ্যের যুদ্ধে লেবাননে ইসরাইলি হামলায় নিহত বাংলাদেশী নারী শ্রমিক দিপালী বেগমের (৩৪) কফিনবন্দি মরদেহ এক মাস পর দেশে এসে পৌঁছেছে। শুক্রবার (৮ মে) সকাল সাড়ে ৮টার দিকে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চর হাজীগঞ্জের পূর্ব শালেপুরের মুন্সিরচর গ্রামে মরদেহটি পৌঁছালে সেখানে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়।
ঘটনার প্রেক্ষাপট:
নিহত দিপালী বেগম ওই গ্রামের দরিদ্র দিনমজুর শেখ মোফাজ্জলের বড় মেয়ে। গত ৮ এপ্রিল লেবাননের রাজধানী বৈরুতের হামরা এলাকায় কর্মস্থলে থাকাকালীন তিনি মিসাইল হামলার শিকার হন। ওই সময় তিনি তার নিয়োগকর্তা বা ‘কফিল’ পরিবারের সঙ্গে অবস্থান করছিলেন। হামলায় কফিল পরিবারের সদস্যরাও নিহত হয়েছেন বলে জানা গেছে।
মরদেহ গ্রহণ ও হস্তান্তর:
লেবাননে যাবতীয় প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন শেষে বৃহস্পতিবার (৭ মে) রাত সাড়ে ১১টার দিকে তার মরদেহ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব আহমাদুল হক বিমানবন্দরে উপস্থিত থেকে মরদেহ গ্রহণ করেন এবং নিহতের বাবা ও ভাইয়ের নিকট হস্তান্তর করেন।
পরিবারের হাল ধরেছিলেন দিপালী:
পারিবারিক সূত্রে জানা যায়, তিন বোন ও দুই ভাইয়ের মধ্যে দিপালী ছিলেন সবার বড়। পরিবারের দারিদ্র্য ঘোচাতে ২০১১ সালে মাত্র ১৯ বছর বয়সে তিনি লেবাননে পাড়ি জমান। তার উপার্জিত অর্থ দিয়েই চলত পুরো পরিবার।
জানাজা ও দাফন:
শুক্রবার সকাল ১০টায় মুন্সিরচর মসজিদ প্রাঙ্গণে দিপালীর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক মো. মাজহারুল ইসলাম নিহতের বাবার সঙ্গে মুঠোফোনে কথা বলে গভীর শোক ও সান্ত্বনা প্রকাশ করেছেন।
চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া মমতাজ জানান, যুদ্ধের কারণে বিমান চলাচল বিঘ্নিত হওয়ায় মরদেহ দেশে পৌঁছাতে কিছুটা বিলম্ব হয়েছে। তবে সরকার সবসময় এই শোকসন্তপ্ত পরিবারের পাশে থেকে সব ধরনের সহায়তা করে আসছে।





















