বিএনপির অফিস-মিছিলে হামলায় আহত ২৫, মোটরসাইকেলে আগুন

- আপডেট সময় : ০৫:৩৭:২৬ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬
- / 267
পাবনার ঈশ্বরদীতে বিএনপির অভ্যন্তরীণ কোন্দল ও সংবাদ সম্মেলনকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে ভয়াবহ সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সোমবার (২৩ মার্চ) দুপুরে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব এবং বহিষ্কৃত নেতা জাকারিয়া পিন্টুর সমর্থকদের মধ্যে এই সংঘর্ষ বাঁধে। এতে পুলিশ কর্মকর্তাসহ অন্তত ২৫ জন নেতাকর্মী আহত হয়েছেন।
ঘটনার সূত্রপাত
দলীয় সূত্রে জানা গেছে, সোমবার বেলা ১১টায় ঈশ্বরদী পোস্ট অফিস মোড় এলাকায় বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন হাবিবুর রহমান হাবিবের সমর্থিত নেতা মাহবুবুর রহমান পলাশ। সংবাদ সম্মেলন শেষে নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে বাজার অভিমুখে রওনা হলে জাকারিয়া পিন্টুর সমর্থকদের সঙ্গে তাদের সংঘর্ষ বাধে। এ সময় ককটেল বিস্ফোরণ ও গুলিবর্ষণের ঘটনা ঘটলে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।
ভাঙচুর ও অগ্নিসংযোগ
সংঘর্ষের একপর্যায়ে হাবিবুর রহমান হাবিবের নির্বাচনি প্রধান কার্যালয়ে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে প্রতিপক্ষরা। অফিসের এসি, আসবাবপত্র ও প্রয়োজনীয় সরঞ্জাম তছনছ করা হয়। কার্যালয়ের সামনে থাকা নেতাকর্মীদের ১৫টি মোটরসাইকেল ভাঙচুর এবং অন্তত ৬টিতে অগ্নিসংযোগ করা হয়। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছাতে দেরি করায় বিক্ষুব্ধ কর্মীরা তাদের বাধা প্রদান করেন, পরে পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পাল্টাপাল্টি অভিযোগ
সংবাদ সম্মেলনে হাবিব সমর্থিত নেতা মাহবুবুর রহমান পলাশ অভিযোগ করেন, বহিষ্কৃত নেতা জাকারিয়া পিন্টু ও তার ভাই মেহেদী হাসানের নেতৃত্বাধীন বাহিনী ঈদের দিন রাতে বিএনপির নেতাকর্মীদের বাড়িতে হামলা ও গুলিবর্ষণ করেছে। এমনকি এক বাকপ্রতিবন্ধী নারীকে তুলে নিয়ে যাওয়ারও অভিযোগ করেন তিনি।
অন্যদিকে, জাকারিয়া পিন্টুর ভাই মেহেদী হাসান ঈশ্বরদী প্রেস ক্লাবে পৃথক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ অস্বীকার করেন। তার দাবি, ৪নং ওয়ার্ড যুবদলের সভাপতি আব্দুলকে কুপিয়ে জখম করার ঘটনায় কর্মীরা বিক্ষুব্ধ হয়ে উঠেছিলেন। তিনি আরও দাবি করেন, প্রতিপক্ষের অফিস ভাঙচুরের নাটক সাজানো হয়েছে।
পুলিশের বক্তব্য
সংঘর্ষে ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমারসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। তিনি জানান, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে এবং শহরে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।




















