ঢাকা ০১:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আসন পুনর্বিন্যাস নিয়ে উত্তাল ফরিদপুর, থানা ও সরকারি দপ্তরে হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগ

ফরিদপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৫:০৩:১৩ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫
  • / 245

সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাসকে কেন্দ্র করে ফরিদপুরের ভাঙ্গায় ব্যাপক সহিংসতা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। হাজার হাজার বিক্ষুব্ধ জনতা থানা, উপজেলা পরিষদ ও সরকারি দপ্তরে হামলা চালিয়েছে। এ সময় পুলিশের ওপরও হামলা হয়েছে এবং একাধিক গাড়ি ও মোটরসাইকেলে আগুন দেওয়া হয়েছে।

যেভাবে ঘটল সহিংসতা

সোমবার দুপুরের দিকে পূর্বঘোষিত অবরোধ কর্মসূচি ঘিরে মাইকে ঘোষণা দিয়ে হঠাৎ করে হাজার হাজার জনতা সড়ক ও মহাসড়কে নেমে আসেন। তারা বিদ্যুতের খুঁটি ফেলে এবং টায়ারে আগুন ধরিয়ে অন্তত ছয়টি এলাকায় সড়ক অবরোধ করেন। এতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়।

একপর্যায়ে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে কয়েক হাজার জনতা পুলিশের ওপর হামলা করে। হামলার মুখে ১০-১২ জন পুলিশ সদস্য দৌড়ে পার্শ্ববর্তী ভাঙ্গা ঈদগাহ মসজিদের ভেতরে আশ্রয় নেন। উত্তেজিত জনতা ইটপাটকেল ছুঁড়তে থাকে এবং পুলিশ সদস্যরা আহত হন। এ সময় মাদ্রাসা ও মসজিদের শিক্ষক-শিক্ষার্থীরা তাদের ঘিরে রেখে পুলিশ সদস্যদের রক্ষা করেন।

হামলা ও ভাঙচুর

পুলিশকে ধাওয়া করার পর উত্তেজিত জনতা থানার দিকে চলে যায়। তারা থানার গাড়ি ও ভবনে ব্যাপক ভাঙচুর করে। এরপর তারা উপজেলা পরিষদ কার্যালয়ে গিয়ে তাণ্ডব চালায় এবং বেশ কয়েকটি গাড়ি ও মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। পরে হাইওয়ে অফিস ও পৌরসভা কার্যালয়েও ভাঙচুর করা হয়।

প্রশাসনের বক্তব্য

ঘটনার পর জেলা প্রশাসক (ডিসি) মো. কামরুল হাসান মোল্যা বলেন, “আমরা বিক্ষুব্ধদের শান্ত করার চেষ্টা করছি। আসন পুনর্বিন্যাসের বিষয়টি নির্বাচন কমিশনে জানানো হয়েছে। আশা করি দু-একদিনের মধ্যে একটি সমাধান হবে।”

প্রসঙ্গত, গত ৪ আগস্ট নির্বাচন কমিশনের প্রকাশিত গেজেটে ফরিদপুর-৪ আসনের ভাঙ্গা উপজেলার দুটি ইউনিয়নকে ফরিদপুর-২ আসনের সঙ্গে যুক্ত করা হয়। এর প্রতিবাদে গত পাঁচদিন ধরে বিভিন্ন দফায় মহাসড়ক ও রেলপথ অবরোধ করে আসছেন স্থানীয়রা।

আসন পুনর্বিন্যাস নিয়ে উত্তাল ফরিদপুর, থানা ও সরকারি দপ্তরে হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগ

আপডেট সময় : ০৫:০৩:১৩ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫