কুরআন হাতে নিয়ে আওয়ামী লীগ নেত্রীকে রক্ষার নামে ২ লাখ টাকা নিলেন বিএনপি নেতা
- আপডেট সময় : ১২:১৮:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫
- / 291
কক্সবাজার শহরে রাজনৈতিক ও পুলিশি হয়রানি থেকে রক্ষার আশ্বাস দিয়ে এক আওয়ামী লীগ নেত্রীর কাছ থেকে দুই লাখ টাকা নেওয়ার অভিযোগ উঠেছে এক বিএনপি নেতার বিরুদ্ধে। সবচেয়ে চাঞ্চল্যকর বিষয় হলো, পবিত্র কুরআন শরীফ মাথায় রেখে এই টাকা গ্রহণ করতে দেখা গেছে তাকে। গোপন ক্যামেরায় ধারণ করা এই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে জেলাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
কুরআন মাথায় রেখে টাকা, নেপথ্যে ভয়ংকর হুমকি
শহরের ১ নম্বর ওয়ার্ডের সমিতি পাড়ার আওয়ামী লীগ নেত্রী রোজিনা আক্তারের অভিযোগ, রাজনৈতিক ও পুলিশি হয়রানি থেকে বাঁচানোর কথা বলে প্রথমে দুই লাখ টাকা নেন বিএনপি নেতা নুরউদ্দিন খাঁন কোম্পানি। কিন্তু এতেও তার টাকার চাহিদা মেটেনি। রোজিনা আরও জানান, পরবর্তীতে আরও টাকা দিতে রাজি না হলে নুরউদ্দিন তাকে হত্যার পর তার ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়ার হুমকিও দেন।
অভিযুক্তের বিরুদ্ধে পুরনো অভিযোগ
১ নম্বর ওয়ার্ড বিএনপির পূর্ব শাখার সাধারণ সম্পাদক হিসেবে পরিচিত নুরউদ্দিন খাঁনের বিরুদ্ধে মানবপাচার, পুলিশের ওপর হামলা করে আসামি ছিনতাই এবং চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ দীর্ঘদিনের। স্থানীয়দের মতে, এসব অপরাধ করেও তিনি রাজনৈতিক প্রভাব খাটিয়ে বারবার আইনের হাত থেকে বেঁচে যান। একজন স্থানীয় ব্যবসায়ী বলেন, “নুরউদ্দিনের নাম শুনলে মানুষ আতঙ্কিত হয়ে যায়। আজ সেই ব্যক্তি কুরআন মাথায় রেখে প্রতারণা করছেন, যা শুধু প্রতারণা নয়, ধর্মীয় অবমাননাও।”
প্রশাসন ও রাজনৈতিক মহলের বক্তব্য
এ বিষয়ে কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস খান জানান, ঘটনাটি তাদের নজরে এসেছে। তবে এখনো কেউ আনুষ্ঠানিকভাবে অভিযোগ করেননি। অভিযোগ পেলে ব্যবস্থা নিতে সহজ হতো।
কক্সবাজার পৌর বিএনপির সভাপতি রফিকুল হুদা চৌধুরী জানান, ঘটনাটি তাদের নজরে আসার পর থেকে তারা তদন্ত শুরু করেছেন। তিনি বলেন, “প্রথমে তাকে শোকজ করা হবে। যদি তিনি যথাযথ ব্যাখ্যা দিতে ব্যর্থ হন, তবে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।”
অন্যদিকে, অভিযুক্ত বিএনপি নেতা নুরউদ্দিন খাঁন বলেন, “আমি এলাকার বিচার-শালিশ করি। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে।” কেন কুরআন মাথায় রেখে টাকা নিলেন—এমন প্রশ্নের জবাব তিনি এড়িয়ে যান।




















