ফরিদপুরে আওয়ামী লীগের দুর্গ ভাঙলো সোবাহান মুন্সি
- আপডেট সময় : ১০:২৭:৩০ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
- / 699
ফরিদপুরের ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগের প্রভাবশালী সাংগঠনিক সম্পাদক সোবাহান মুন্সি আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়েছেন। রোববার (২৮ ডিসেম্বর) রাত ১০টার দিকে সদরপুর উপজেলার কলেজ মোড় এলাকায় ফরিদপুর-৪ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও কেন্দ্রীয় কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলামের বাসভবনে তিনি এই যোগদান সম্পন্ন করেন।
যোগদানের প্রেক্ষাপট:
সোবাহান মুন্সি ছাত্রজীবন থেকেই ছাত্রলীগের রাজনীতির সাথে যুক্ত ছিলেন। ২০০১ সালে ভাঙ্গা পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং ২০১৩ সালে উপজেলা কমিটির গুরুত্বপূর্ণ সাংগঠনিক পদে নির্বাচিত হন। দীর্ঘ সময় আওয়ামী লীগের কাণ্ডারি হিসেবে মাঠে থাকলেও হঠাতই দল ত্যাগের এই সিদ্ধান্ত স্থানীয় রাজনীতিতে বড় চমক হিসেবে দেখা দিচ্ছে।
কেন এই দলবদল?
যোগদান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সোবাহান মুন্সি বলেন, “আমি কোনো চাপের মুখে নয়, বরং রাজনৈতিক বাস্তবতা বিবেচনা করেই বিএনপিতে এসেছি। আওয়ামী লীগ বর্তমানে নিষিদ্ধ, কবে রাজনীতি করার সুযোগ মিলবে তার কোনো নিশ্চয়তা নেই। গত ১৫-১৬ মাস ধরে ঘরছাড়া অবস্থায় ছিলাম, তাই পরিবারের সবার পরামর্শে ভালো লাগা থেকেই শহিদুল ইসলাম ভাইয়ের হাত ধরে বিএনপিতে যোগ দিলাম।”
উপস্থিত নেতৃবৃন্দ:
এই যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক আইয়ুব মোল্লা, বিএনপি নেতা কাজী কাওসার এবং ভাঙ্গা বাজার বণিক সমিতির সভাপতি সহিদুল হকসহ স্থানীয় শীর্ষ নেতারা।




















