ফরিদপুরে ঢাবি ছাত্রলীগের সহসভাপতি গ্রেপ্তার
- আপডেট সময় : ০৫:৫০:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
- / 295
রাজপথের দাপট আর ক্ষমতার দিনগুলো ফুরিয়ে যাওয়ার পর আত্মগোপনই ছিল তাঁর একমাত্র আশ্রয়। গোপনে গ্রামে ফিরেও শেষ রক্ষা হলো না—ব্যাংক কর্মকর্তা হিসেবে নতুন জীবন শুরুর দোড়গোড়ায় দাঁড়িয়ে অবশেষে পুলিশের জালে ধরা পড়লেন নিষিদ্ধ সংগঠনের এই ছাত্রনেতা।
ফরিদপুরের সালথায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রলীগের সহসভাপতি এ এস এম ফেরদাউসকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) দুপুর দেড়টার দিকে সালথা থানা রোড এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ফেরদাউস উপজেলার রামকান্তপুর ইউনিয়নের রামকান্তপুর গ্রামের মতিয়ার বিশ্বাসের ছেলে।
আত্মগোপন থেকে যেভাবে ধরা পড়লেন
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহসভাপতি হিসেবে এলাকায় তাঁর ব্যাপক রাজনৈতিক প্রভাব ছিল। তবে ২০২৪ সালের ৫ আগস্ট সরকারের পতনের পর থেকে তিনি আত্মগোপনে চলে যান। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর সম্প্রতি তিনি গোপনে নিজ গ্রামে ফিরে অবস্থান নিচ্ছিলেন।
মঙ্গলবার দুপুরে ফেরদাউস বাড়ি থেকে বের হয়ে সালথা থানা রোড এলাকায় ঘোরাফেরা করছিলেন। এ সময় স্থানীয় লোকজন তাঁকে দেখে সন্দেহজনক মনে করে পুলিশে খবর দেন। খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁকে গ্রেপ্তার করে।
পরিবারের দাবি ও মামলার চিত্র
এদিকে ফেরদাউসের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, আর মাত্র কয়েক দিনের মধ্যেই তাঁর সোনালী ব্যাংকে ‘ম্যানেজার’ পদে যোগ দেওয়ার কথা ছিল। চাকরির চূড়ান্ত প্রক্রিয়ার মধ্যেই এ গ্রেপ্তারের ঘটনা ঘটল।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাবি ছাত্রলীগের সহসভাপতি ফেরদাউসকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে একাধিক বিস্ফোরক দ্রব্য আইনে মামলা রয়েছে। এসব মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।

















