ফরিদপুর জেলা ও মহানগর বিএনপিকে কেন্দ্রের এক মাসের সময়সীমা, কমিটি পুনর্গঠনের তাগিদ
সময়সীমা এক মাস, না হলে কমিটি ভেঙে যাবে: ফরিদপুর বিএনপিকে কেন্দ্রের হুঁশিয়ারি
- আপডেট সময় : ১১:৪৯:২৫ অপরাহ্ন, বুধবার, ১১ জুন ২০২৫
- / 679
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ফরিদপুর জেলা ও মহানগর ইউনিটের নতুন কমিটি গঠনের জন্য এক মাসের সময়সীমা বেঁধে দিয়েছে কেন্দ্রীয় কমিটি। ২ জুন, কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে পাঠানো এক অফিসিয়াল চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয়।
চিঠিটি দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত। সেখানে বলা হয়, ফরিদপুর জেলার আওতাধীন সব ইউনিটের কমিটি জুলাই মাসের মধ্যে গঠন করে আগামী ১২ জুলাইয়ের মধ্যে জেলা সম্মেলন আয়োজন করতে হবে। তা না হলে বর্তমান জেলা কমিটি বিলুপ্ত করে দেওয়া হবে বলে হুঁশিয়ার করা হয়েছে।
একই ধরণের নির্দেশনা দেওয়া হয়েছে ফরিদপুর মহানগর বিএনপির ক্ষেত্রেও। মহানগরের বিভিন্ন ওয়ার্ড ইউনিটগুলোর সম্মেলন আগামী জুলাই মাসের প্রথম সপ্তাহের মধ্যে সম্পন্ন করার কথা বলা হয়েছে। অন্যথায় এখানেও কমিটি ভেঙে দেওয়া হবে বলে জানানো হয়েছে চিঠিতে।
এ প্রসঙ্গে ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব একেএম কিবরিয়া স্বপন বলেন, “আমরা কেন্দ্রীয় নির্দেশনা পেয়েছি এবং তা অনুযায়ী আগামী ১৬ জুন একটি জরুরি সভা আহ্বান করেছি। ওই সভাতেই জেলা সম্মেলন ও কমিটি গঠনের বিষয়ে বিস্তারিত সিদ্ধান্ত নেওয়া হবে।”
এদিকে এ ঘোষণার পর থেকেই জেলা ও মহানগরজুড়ে নেতাকর্মীদের মধ্যে একধরনের উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। বহুদিন পর সম্মেলনের ঘোষণা আসায় অনেকেই নেতৃত্বে আসার জন্য নিজ নিজ অবস্থান থেকে সক্রিয় হয়ে উঠেছেন। উপজেলার বিভিন্ন স্থানে নেতা-কর্মীদের মধ্যে চাঙাভাব স্পষ্টভাবে লক্ষ্য করা যাচ্ছে।




















