বাড়িতে একাকী বাস, শয়নকক্ষে বিবস্ত্র মরদেহ, চারদিন পর পচা গন্ধে টের পেলো গ্রামবাসী
- আপডেট সময় : ১২:৩৬:১৭ পূর্বাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫
- / 886
দিনাজপুরের বিরামপুর উপজেলার দিওড় ইউনিয়নের বেপারীটোলা গ্রামে একটি বাড়ির শয়নকক্ষ থেকে আজ শুক্রবার বিকেলে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত ব্যক্তি মতিয়ার রহমান ওরফে বুদা (৬৫)। মরদেহ ছিল বিবস্ত্র, মেঝেতে পড়ে থাকা অবস্থায়, তার চারপাশে মাছি ভনভন করছিল এবং পচে যাওয়া চামড়ার ওপর পিঁপড়ার দল ঘুরে বেড়াচ্ছিল। দূর থেকে গ্রামবাসী নাকে কাপড় চেপে মরদেহ দেখার চেষ্টা করেন।
পচা গন্ধেই মিলল সন্ধান
স্থানীয়রা জানান, বিকেলে মতিয়ার রহমানের বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় দুর্গন্ধ পেয়ে সন্দেহ হয়। এরপর তাঁরা জানালা দিয়ে ভেতরে উঁকি দিয়ে মরদেহ দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
নিঃসঙ্গ জীবন, অজানা মৃত্যু
মতিয়ার রহমান প্রায় ২০ বছর ধরে একাই বাস করতেন। স্ত্রী অনেক আগেই মারা গেছেন। তাঁর চার মেয়ে ও একমাত্র ছেলে থাকলেও কারো সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল না। ছেলে জাহিদুল ইসলাম বর্তমানে নবাবগঞ্জ উপজেলার বেড়ামাইল গ্রামে খালার বাড়িতে থাকেন। পরিবারের সদস্যদের ধারণা, চার-পাঁচ দিন আগে মতিয়ার রহমান মারা গেছেন।
মেয়ের শেষ কথা ১১ মে
মতিয়ারের বড় মেয়ে জয়নব বেগম জানান, তাঁর বিয়ে হয়েছে পাশের উপজেলা নবাবগঞ্জে। সর্বশেষ গত ১১ মে বাবার সঙ্গে মুঠোফোনে কথা হয়েছিল। আজ বিকেলে গ্রামবাসীর কাছ থেকে বাবার মৃত্যুর খবর পান তিনি। জয়নব জানান, তাঁর বাবার সঙ্গে কারও শত্রুতা ছিল না, মৃত্যুর কারণও জানা নেই।
পুলিশের প্রাথমিক ধারণা ও তদন্ত
বিরামপুর থানার উপপরিদর্শক (এসআই) এরশাদ আলী বলেন, “ধারণা করা হচ্ছে, চার-পাঁচ দিন আগেই তাঁর মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত চলছে।” মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।





















