ফরিদপুরে ভূমি অফিসে ঘুষের থাবা: টাকা না দিলে ফাইল বাতিল
- আপডেট সময় : ০৭:২৮:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫
- / 441
ফরিদপুরের সদরপুর উপজেলার চর বিষ্ণুপুর ইউনিয়নের ভূমি উন্নয়ন কর্মকর্তা সুজিৎ ভক্তর বিরুদ্ধে সেবাগ্রহীতাদের কাছ থেকে ঘুষ গ্রহণ, অসদাচরণ ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগ উঠেছে, তিনি ঘুষ না দিলে নামজারি আবেদন বাতিল করে দেন এবং কাজে নানা হয়রানি করেন।
ঘটনার ভুক্তভোগী সদরপুর উপজেলার জাকেরের ডাঙ্গী গ্রামের বাসিন্দা আজগর চোকদার। তিনি জানান, জরিপের ডাঙ্গী মৌজার ১৯৭৫ নম্বর খতিয়ানভুক্ত জমির কর অনলাইনে দাখিল করতে গেলে ইউপি ভূমি কর্মকর্তার কাছে যেতে হয়। তখন সুজিৎ ভক্ত তার কাছে প্রথমে ১৮ হাজার টাকা দাবি করেন। অপারগতা প্রকাশ করলে তা কমিয়ে ১২ হাজার এবং পরে ১০ হাজার টাকায় নামেন।
আজগরের ভাষ্য, পরবর্তীতে সুজিৎ ভক্ত তার হাতে একটি রশিদ ধরিয়ে দেন, যেখানে দেখা যায় মাত্র ৩৩৮৯ টাকা অনলাইনে জমা হয়েছে। বাকি টাকা ফেরত চাইলে তহশিলদার সুজিৎ খারাপ আচরণ করেন এবং রশিদ বাতিল করার হুমকি দেন।
তিনি বলেন, “এই কর্মকর্তা সেবা নিতে আসা প্রত্যেককে হয়রানি করেন। তিনি প্রকাশ্যে বলেন—সরকার যে বেতন দেয়, তাতে চলে না। ঘুষ না দিলে কাজ হবে না।” এ অবস্থায় তিনি জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছেন।
অভিযোগ সম্পর্কে জানতে চাইলে অভিযুক্ত ইউপি ভূমি উন্নয়ন কর্মকর্তা সুজিৎ ভক্ত বলেন, অভিযোগের সত্যতা নেই। তিনি জানান, আজগর নিজেই অনলাইনে আবেদন করে কর পরিশোধ করেছেন এবং তার কাজও সম্পন্ন হয়েছে।
এ বিষয়ে ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রামানন্দ পাল বলেন, “অভিযোগ সম্পর্কে আমরা অবগত। বিষয়টি তদন্তাধীন রয়েছে। আমি ঢাকায় ট্রেনিংয়ে আছি, অফিসে ফিরে প্রয়োজনীয় কাগজপত্র দেখে বিস্তারিত বলা যাবে।”





















