আ.লীগের সভাপতি এখন এনসিপির যুগ্ম সমন্বয়কারী
- আপডেট সময় : ০৯:৫৬:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫
- / 449
আওয়ামী লীগ সরকারের পতনের পরেও মোংলায় বহাল তবিয়তে থাকা এক আওয়ামী নেতা নতুন রাজনৈতিক দল এনসিপিতে পদ নিয়েছেন বলে অভিযোগ উঠেছে। মতিয়ার রহমান মোড়ল নামের এই নেতার বিরুদ্ধে মাদক ও জুয়ার কারবারের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। নতুন দলে তার এই যোগদানের ঘটনায় অন্যান্য রাজনৈতিক দলগুলো ক্ষোভ প্রকাশ করেছে।
অভিযোগ ও গুঞ্জন
স্থানীয়ভাবে চিহ্নিত আওয়ামী নেতা মতিয়ার রহমান মোড়ল একসময় চাঁদপাই ইউনিয়ন আওয়ামী লীগের ১ নম্বর ওয়ার্ডের সভাপতি এবং সাবেক ইউপি মেম্বার ছিলেন। অভিযোগ উঠেছে, আওয়ামী সরকারের আমলে তিনি তার অবৈধ মাদক ও জুয়ার কারবার ঠিক রাখতে নতুন দল এনসিপিতে ভিড়েছেন। রাজনৈতিক মহলে গুঞ্জন রয়েছে, মোটা অঙ্কের টাকার বিনিময়ে তিনি এই নতুন দলে পদ লাভ করেছেন।
অন্যান্য দলের প্রতিক্রিয়া
মতিয়ারের এই নিয়োগকে আওয়ামী লীগের পুনর্বাসন বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক নেতারা। পৌর বিএনপির নেতা এমরান হোসেন ও সফিকুল ইসলাম শান্ত এ ধরনের কার্যক্রমের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। মোংলা উপজেলা জামায়াতের নায়েবে আমির কোহিনূর সরদার বলেন, যদি এমনটি হয়ে থাকে, তাহলে তা কোনোভাবেই যুক্তিসঙ্গত নয়।
আসামি ও এনসিপির বক্তব্য
এ বিষয়ে জানতে চাইলে মতিয়ার রহমান মোড়ল কোনো কমিটিতে থাকার কথা অস্বীকার করে ফোন কেটে দেন।
অন্যদিকে, এনসিপির উপজেলা প্রধান সমন্বয়কারী মৃধা মাজেদুল ইসলাম জানান, কোনো আওয়ামী লীগ নেতা তাদের কমিটিতে থাকতে পারবে না। যদি কেউ থেকে থাকে, তাহলে তাকে ২৪ ঘণ্টার মধ্যে বহিষ্কার করা হবে।





















