মেঘনায় মিলল আজকের পত্রিকার সহকারী সম্পাদকের লাশ
- আপডেট সময় : ০৯:৫৪:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫
- / 378
নিখোঁজ হওয়ার একদিন পর সাংবাদিক বিভুরঞ্জন সরকারের (৭১) লাশ মুন্সিগঞ্জের মেঘনা নদী থেকে উদ্ধার করা হয়েছে। গতকাল সকাল থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। তার স্বজনরা আজ রাতে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে গিয়ে লাশটি শনাক্ত করেছেন।
দৈনিক ‘আজকের পত্রিকা’য়’ জ্যেষ্ঠ সহকারী সম্পাদক হিসেবে কর্মরত ছিলেন বিভুরঞ্জন সরকার। নিখোঁজ হওয়ার পর গতকাল রাতে তার পরিবার ঢাকার রমনা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিল।
যেভাবে উদ্ধার হলো লাশ
আজ বিকেল পৌনে চারটার দিকে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার বলাকির চর এলাকার মেঘনা নদীতে তার লাশটি ভাসমান অবস্থায় দেখতে পায় স্থানীয়রা। জরুরি সেবা নম্বর ৯৯৯-এ খবর পেয়ে কলাগাছিয়া নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান এবং লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠান।
কলাগাছিয়া নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোহাম্মদ সালেহ আহমেদ পাঠান জানান, তারা লাশের ছবি তুলে ঢাকার রমনা থানায় পাঠান। সেখানে পরিবারের দেওয়া ছবির সঙ্গে মরদেহের ছবির মিল পাওয়ায় বিভুরঞ্জন সরকারের ছেলে ঋত সরকার ও ভাই চিররঞ্জন সরকার মুন্সিগঞ্জে গিয়ে লাশটি শনাক্ত করেন।
‘খোলা চিঠি’: শেষ লেখা ও হতাশার বয়ান
বিভুরঞ্জন সরকারের নিখোঁজ হওয়ার পর একটি অনলাইন সংবাদমাধ্যমে তার লেখা একটি ‘খোলা চিঠি’ প্রকাশ করা হয়, যা তিনি বৃহস্পতিবার সকাল ৯টা ১৫ মিনিটে ই-মেইল করেছিলেন। চিঠির শেষে ফুটনোটে লেখা ছিল, ‘জীবনের শেষ লেখা হিসেবে এটা ছাপতে পারেন।’
ওই চিঠিতে তিনি তার দীর্ঘ সাংবাদিকতা জীবনের নানা ঘটনা, বর্তমান রাজনৈতিক ও গণমাধ্যম পরিস্থিতি, নিজের ও পরিবারের অসুস্থতা এবং আর্থিক দৈন্য দশা নিয়ে হতাশার কথা উল্লেখ করেন। চিঠিতে তিনি তার বুয়েট পাস ছেলের চাকরি না হওয়া নিয়েও আক্ষেপ প্রকাশ করেন।












