বিএনপি উপদেষ্টা ফজলুর রহমানের ছবিতে গণ-জুতা নিক্ষেপ
- আপডেট সময় : ১০:৫২:১৬ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫
- / 292
৫ আগস্টের গণঅভ্যুত্থান ও এর নেতাদের নিয়ে বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমানকে কিশোরগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে তার ছবিতে জুতা নিক্ষেপ করে বিক্ষোভ করেছেন সাধারণ ছাত্র-জনতা।
আজ রোববার সন্ধ্যায় শহরের সরকারি গুরুদয়াল কলেজ মাঠে এই কর্মসূচি পালিত হয়।
যে কারণে বিক্ষোভ
সম্প্রতি এক অনুষ্ঠানে অ্যাডভোকেট ফজলুর রহমান ৫ আগস্টের গণঅভ্যুত্থানের শক্তিকে ‘কালো শক্তি’ এবং আন্দোলনকারীদের ‘রাজাকারের বাচ্চা’ বলে মন্তব্য করেন, যা তীব্র সমালোচনার জন্ম দেয়।
কর্মসূচিতে উপস্থিত সদ্য বিলুপ্ত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা অভিযোগ করেন, ফজলুর রহমান দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করছেন এবং গণঅভ্যুত্থানের শহীদ ও নেতাদের কটূক্তি করে আসছেন।
আগেও দেওয়া হয়েছিল হুঁশিয়ারি
এর আগে গত ১৩ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতারা একটি সংবাদ সম্মেলন করে ফজলুর রহমানের বক্তব্যের প্রতিবাদ জানান। সেদিন তাকে ২৪ ঘণ্টার মধ্যে তার আপত্তিকর মন্তব্য প্রত্যাহার করার জন্য সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল, অন্যথায় তাকে কিশোরগঞ্জে অবাঞ্ছিত ঘোষণার হুঁশিয়ারি দেওয়া হয়। তার বক্তব্য প্রত্যাহার না করায় আজকের এই কর্মসূচি পালন করা হয়।





















