লেবাননে ইসরায়েলি হামলায় ফরিদপুরের তরুণী দিপালী নিহত
- আপডেট সময় : ০৯:৫৭:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
- / 313
লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় দিপালী খাতুন (২৬) নামে এক বাংলাদেশি নারী নিহত হয়েছেন। বুধবার (৮ এপ্রিল) বিকেলে বৈরুতের হামরা এলাকায় কফিলের (নিয়োগকর্তা) বাড়িতে অবস্থানকালে তিনি হামলার শিকার হন। নিহতের বাড়ি ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার হরিরামপুর ইউনিয়নের চর হাজিগঞ্জ গ্রামে।
📍 পরিবারে শোকের ছায়া
নিহত দিপালী খাতুন ওই গ্রামের শেখ মোফাজ্জলের মেয়ে। তিন বোন ও দুই ভাইয়ের মধ্যে তিনি সবার বড় এবং অবিবাহিত ছিলেন। বৈরুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এবং চরভদ্রাসন উপজেলা প্রশাসন সূত্রে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। পরিবারে এখন শুধুই কান্নার রোল।
📞 শেষ কথা হয়েছিল ঘটনার কয়েক ঘণ্টা আগে
দিপালীর ছোট বোন লাইজু খাতুন জানান, গত ২০২৪ সালের এপ্রিলে পরিবারের সচ্ছলতা ফেরাতে দিপালী লেবানন পাড়ি জমান। তিনি বলেন:
“বুধবার বাংলাদেশ সময় বিকেল ৪টার দিকে বোনের সঙ্গে আমাদের শেষ কথা হয়। তারপর থেকে তাকে আর ফোনে পাওয়া যাচ্ছিল না। বৃহস্পতিবার রাত দেড়টার দিকে লেবানন থেকে এক ব্যক্তি কল করে জানান যে, বোন আর নেই। ইসরায়েলি বোমার আঘাতে তার মৃত্যু হয়েছে।”
🚔 মরদেহ আনতে কাজ করছে প্রশাসন
চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুরাইয়া মমতাজ বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পর তারা নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করেছেন। তিনি বলেন:
“মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে আমরা কাজ শুরু করেছি। আশা করছি সরকারি প্রক্রিয়ায় দ্রুততম সময়ে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা সম্ভব হবে। আমরা এই শোকসন্তপ্ত পরিবারের পাশে আছি।”
উপজেলা ছাত্রদলের সভাপতি শামীম রেজাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ নিহতের বাড়িতে গিয়ে শোক প্রকাশ করেছেন এবং মরদেহ দ্রুত আনতে সরকারের সহযোগিতা কামনা করেছেন।











