ছুরির ডগায় অটোগ্রাফ: দুর্ধর্ষ ডাকাতের কবলে পড়েছিলেন মীনা কুমারী
- আপডেট সময় : ১২:১৭:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
- / 165
ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে ‘ট্র্যাজেডি কুইন’ বললেই একজনের নাম সবার আগে ভেসে ওঠে—মীনা কুমারী। রূপালি পর্দায় তাঁর অভিনয় যেমন দর্শকদের কাঁদিয়েছে, বাস্তব জীবনেও তাঁর জনপ্রিয়তা ছিল আকাশচুম্বী। এতটাই যে, একবার খোদ চম্বলের এক ডাকাত সর্দার ছুরি দেখিয়ে অভিনেত্রীর অটোগ্রাফ আদায় করে নিয়েছিলেন! সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যমে এই রোমহর্ষক স্মৃতিটি পুনরায় উঠে এসেছে।
সেই ভয়ংকর রাত:
ঘটনাটি ছিল মীনা কুমারীর কালজয়ী সিনেমা ‘পাকিজা’র শুটিং চলাকালীন। পরিচালক ও স্বামী কামাল আমরোহীর সঙ্গে মধ্যপ্রদেশের শিবপুরী যাচ্ছিলেন তিনি। পথিমধ্যে চম্বলের গভীর জঙ্গলে তাঁদের গাড়ির জ্বালানি শেষ হয়ে যায়। জনমানবহীন সেই স্থানে হঠাৎ একদল সশস্ত্র ডাকাত তাঁদের ঘিরে ফেলে।
ছুরির মুখে অটোগ্রাফ:
ডাকাত দলের সর্দার অমৃত লাল চম্বল তাঁদের পরিচয় জানতে চান। কামাল আমরোহী ভয় পেয়ে নিজেদের পরিচয় দিলে এবং ‘শুটিং’ শব্দটি বললে ডাকাতরা প্রথমে খেপে যায়। পরে যখন সর্দার জানতে পারেন গাড়িতে স্বয়ং মীনা কুমারী বসে আছেন, তখন তিনি শান্ত হন। অমৃত লাল ছিলেন অভিনেত্রীর অন্ধ ভক্ত। তিনি অবিলম্বে মীনা কুমারীর সাথে দেখা করার এবং অটোগ্রাফ নেওয়ার জেদ ধরেন।
কাছে কলম বা কাগজ না থাকায় ডাকাত সর্দার নিজের পকেট থেকে একটি ধারালো ছুরি বের করেন। এতে চরম আতঙ্কিত হয়ে পড়েন অভিনেত্রী। ডাকাত সর্দার দাবি করেন, মীনা কুমারী যদি ওই ছুরি দিয়ে তাঁর (সর্দারের) হাতে নিজের নাম লিখে দেন, তবেই তিনি তাঁদের গাড়ি ছাড়বেন। অনেকটা বাধ্য হয়েই জীবনের ঝুঁকি নিয়ে ডাকাতের হাতে নিজের নাম খোদাই করে অটোগ্রাফ দেন মীনা কুমারী। এরপর সেই ডাকাত সর্দার নিজেই তাঁদের গাড়িতে পেট্রোল ভরে নিরাপদে যাওয়ার ব্যবস্থা করে দেন।
অকাল প্রয়াণ:
শিশুশিল্পী হিসেবে ক্যারিয়ার শুরু করা এই কিংবদন্তি অভিনেত্রী ‘সাহেব বিবি অউর গোলাম’, ‘বৈজু বাওরা’, ‘কাজল’ ও ‘আজাদ’-এর মতো অসংখ্য ব্যবসা সফল সিনেমায় অভিনয় করেছেন। তবে পর্দার ট্র্যাজেডি কুইনের বাস্তব জীবনও ছিল বিষাদময়। বিচ্ছেদ আর একাকিত্ব সইতে না পেরে মদ্যপানে আসক্ত হয়ে পড়েন তিনি। মাত্র ৩৯ বছর বয়সে লিভার সিরোসিসে আক্রান্ত হয়ে বিদায় নেন এই কালজয়ী তারকা।




















