ফরিদপুরে নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধন: অংশ নিচ্ছে খুদে অ্যাথলেটরা
- আপডেট সময় : ০৭:৩৯:৫৬ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬
- / 54
“ক্রীড়া হলো পেশা, পরিবার পাবে ভরসা”—এই স্লোগানকে সামনে রেখে ফরিদপুরে শুরু হয়েছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ প্রতিযোগিতা। শনিবার (২ মে) বিকেলে ফরিদপুর জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে এই বর্ণাঢ্য আয়োজনের উদ্বোধন করা হয়।
সিলেট স্টেডিয়াম থেকে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।
উদ্বোধনী অনুষ্ঠান ও অতিথিবৃন্দ:
ফরিদপুর স্টেডিয়ামে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি তাঁর বক্তব্যে বলেন, দেশের তরুণ প্রজন্মের ক্রীড়া প্রতিভা বিকাশে ‘নতুন কুঁড়ি’ কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৮ সালে এই কর্মসূচি চালু করেন উল্লেখ করে তিনি বলেন, বর্তমান সরকার এই কর্মসূচির ধারাবাহিকতা রক্ষা করে চলেছে। এর মাধ্যমে বহু প্রতিভাবান খেলোয়াড় তৈরি হয়েছে এবং খেলাধুলার মাধ্যমে সমাজ থেকে মাদক ও কুসংস্কার দূর করা সম্ভব।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আমিনুল হক।
স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফরিদপুরের পুলিশ সুপার নজরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সোহরাব হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মিশকাতুল জান্নাত রাবেয়া, সিভিল সার্জন মাহমুদুল হাসান, জেলা ক্রীড়া অফিসার আল আমিন খন্দকার, ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ মোদাররেস আলী ইছা ও যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল প্রমুখ।
প্রতিযোগিতার বিস্তারিত:
আয়োজকরা জানান, দেশের ১০টি বিভাগের অংশগ্রহণে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় ১২ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোররা অংশ নেওয়ার সুযোগ পাচ্ছে। ইভেন্টগুলোর মধ্যে রয়েছে ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিক্স, দাবা, ব্যাডমিন্টন, সাঁতার ও মার্শাল আর্ট।
আগামী ১০ থেকে ২০ বছরের মধ্যে এই প্রতিযোগিতা থেকে উঠে আসা খেলোয়াড়রা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। এছাড়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের ‘বাংলাদেশ স্পোর্টস অ্যান্ড কালচারাল উইং’ কর্মসূচির মাধ্যমে খেলোয়াড়দের বিদেশে গিয়ে দেশের সুনাম বাড়ানোর সুযোগ সৃষ্টি হবে। ভালো ফলাফলকারী খেলোয়াড়দের ব্যক্তিগতভাবে পুরস্কৃত করারও ঘোষণা দেওয়া হয়েছে।
উদ্বোধনী দিনে কাবাডি ও ফুটবল (বালক-বালিকা) ইভেন্টের খেলা অনুষ্ঠিত হয়। নকআউট পদ্ধতিতে এই প্রতিযোগিতা আগামী ৬ মে পর্যন্ত ফরিদপুর স্টেডিয়ামে চলবে।











