মুদি দোকানিকে হত্যা মোহাম্মদপুর থানায় শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম মামলা
- আপডেট সময় : ০৪:৩৯:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অগাস্ট ২০২৪
- / 180
মোহাম্মদপুরে মুদি দোকানি আবু সায়েদকে হত্যার ঘটনায় ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন সরাসরি মামলা হিসেবে গ্রহণের আদেশ দিয়েছেন আদালত। রাজধানীর মোহাম্মদপুর থানাকে এ মামলা গ্রহণ করতে বলা হয়। শেখ হাসিনা ছাড়াও মামলার অন্য আসামিরা হলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক ও যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লা আল-মামুন, ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ও গোয়েন্দা শাখার প্রধান মো: হারুন অর রশীদ, ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান ও ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার। একইসঙ্গে অজ্ঞাতনামা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সরকারি কর্মকর্তাদের এই মামলায় আসামি করা হয়েছে। ইনকিলাবের কোর্ট রিপোর্টার অ্যাডভোকেট সৈয়দ আহমেদ গাজী দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রাজধানীর মোহাম্মদপুরে মুদি দোকানি আবু সাঈদ হত্যা মামলায় শেখ হাসিনাসহ সাতজনকে আসামি করা হয়েছে।
রাজধানী ঢাকার মোহাম্মদপুর এলাকায় গুলি করে মুদি দোকানদার আবু সাঈদকে হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
নিহত আবু সাঈদের শুভাকাঙ্খি আমীর হামজা বাদী হয়ে আজ (মঙ্গলবার) সকালে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালতে মামলাটি দায়ের করেন। শুনানি শেষে মামলাটি এজাহার হিসেবে গ্রহণ করতে মোহাম্মদপুর থানাকে নির্দেশ দেন আদালত।
এজাহারে উল্লেখ করা হয়, কোটা সংস্কার আন্দোলন চলাকালে শিক্ষার্থী ও সাধারণ মানুষের ওপর পুলিশ নির্বিচারে গুলি চালালে গত ১৯ জুলাই বিকেল ৪টার দিকে আবু সাঈদ নিহত হন।
উল্লেখ্য, ছাত্র-জনতার গণআন্দোলনের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। তিনি পালিয়ে যাওয়ার পর ওবায়দুল কাদের, আসাদুজ্জামান কামালসহ অন্য আসামিরা লাপাত্তা হয়ে যান। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর এটিই তার বিরুদ্ধে দায়েরকৃত প্রথম মামলা। নালিশী মামলা হিসেবে দায়েরের পর শুনানি শেষে আদালত এটিকে সরাসরি এজাহার গণ্য করে মামলা হিসেবে গ্রহণ করার নির্দেশ দেন। এর ফলে মামলাটি পুলিশ তদন্ত করবে। তদন্তের প্রয়োজনে কোনো ধরণের গ্রেফতারি পরোয়ানা ছাড়াই আসামিদের গ্রেফতার করতে পারবে পুলিশ।












