ফরিদপুরের সালথায় চাঁদা না দেওয়ায় মো. গোলাম মোস্তফা (৬০) নামে অবসরপ্রাপ্ত এক পুলিশ সদস্যকে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার বল্লভদী ইউনিয়নের সোনাতন্দী গ্রামের এ ঘটনায় সোমবার (১৭ মার্চ) বিকেলে সালথা থানায় একটি মামলা করেছেন আহত গোলাম মোস্তফার স্ত্রী মোসা. মঞ্জু বেগম।
চাঁদা দাবি ও হামলা:
মামলার বাদী মঞ্জু বেগম বলেন, হামলা-মামলার ভয় দেখিয়ে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য মোস্তফার কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করেন রহমান মিয়া ও হুমায়ুন মিয়া সহ তাদের সহযোগীরা। ওই টাকা না দেওয়ায় গত রবিবার (১৬ মার্চ) সকালে বাড়ির পাশে ফসলি জমিতে কাজ করার সময় মোস্তফার উপর অতর্কিত হামলা চালায় রহমান মিয়া ও হুমায়ুন মিয়া সহ ৫-৬ জন। এসময় হামলাকারীরা তাকে কুপিয়ে মারাত্মক জখম করে। পরে গুরুতর আহত অবস্থায় মোস্তফাকে উদ্ধার করে মুকসুদপুর হাসপাতালে ভর্তি করা হয়।
অভিযুক্তদের বক্তব্য:
হামলার বিষয়ে জানতে অভিযুক্তদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাদের পাওয়া যায়নি।
পুলিশের পদক্ষেপ:
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের উপর হামলার ঘটনায় সোমবার একটি মামলা রুজু করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এলাকাবাসীর প্রতিক্রিয়া:
এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।