নিক্সন চৌধুরীর মদদপুষ্ট সন্ত্রাসী হামলার শিকার শহিদুল ইসলামের সংবাদ সম্মেলন
- আপডেট সময় : ০২:২৭:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫
- / 177
ফরিদপুর প্রেস ক্লাবে আজ সোমবার এক সংবাদ সম্মেলনে সদরপুর উপজেলার সাড়ে সাত রশি ইউনিয়নের বাসিন্দা শহিদুল ইসলাম নামে এক ব্যক্তি নিক্সন চৌধুরীর মদদপুষ্ট সন্ত্রাসীদের হামলার শিকার হওয়ার অভিযোগ করেছেন।
শহিদুল ইসলাম জানান, বিগত আওয়ামী লীগ আমলে ফরিদপুর-৪ আসনের সাংসদ নিক্সন চৌধুরীর মদদপুষ্ট সন্ত্রাসীরা তার বাড়িঘর ও দোকানপাট ভাঙচুর করে লুটপাট চালিয়েছে এবং তার দখল নিয়েছে। এ ঘটনায় তিনি আদালতে মামলা করেছেন। কিন্তু নিক্সন চৌধুরীর মদদপুষ্ট সন্ত্রাসী গ্রুপ “ফারুক লালন বাহিনী” তার জীবন ও ব্যবসায় প্রতিষ্ঠানে হামলার হুমকি দিয়ে আসছে।
শহিদুল ইসলাম আরও জানান, গত ২০ অক্টোবর সন্ত্রাসীরা তার ব্যবসা প্রতিষ্ঠান “উলফাওয়েল মিলে” দোকানপাট ভাঙচুর করে, তার মাথা ও বুকে আঘাত করে এবং মারধর করে। এছাড়া তার বাড়িতেও আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করে। এই সন্ত্রাসীরা মাদক ব্যবসা, অস্ত্র ও চাঁদাবাজির মতো অপরাধমূলক কাজে জড়িত।
শহিদুল ইসলামের স্ত্রী রাশিদা বেগম এবং কন্যা সুমাইয়া আক্তারও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। তারা সন্ত্রাসীদের হামলায় তাদের পরিবার কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে, তা তুলে ধরেন।
ফরিদপুর প্রেস ক্লাবের সহ-সভাপতি শেখ মনির হোসেন সভাপতিত্ব করেন এবং সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়াল অনুষ্ঠান পরিচালনা করেন।
শহিদুল ইসলাম সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, তার নিরাপত্তা নিশ্চিত করার জন্য সাংবাদিকরা সরকারের দৃষ্টি আকর্ষণ করবেন।












