ফরিদপুরের স্কুলে রহস্যজনকভাবে ৯ শিক্ষার্থী অসুস্থ, কারণ নিয়ে ধোঁয়াশা
- আপডেট সময় : ০৭:০১:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫
- / 546
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার জয়নগর জুনিয়র হাইস্কুলে রহস্যজনক কারণে ৯ জন শিক্ষার্থী একসঙ্গে অসুস্থ হয়ে পড়েছে। বমি, মাথা ঘোরানো ও চেতনাহীনতার মতো উপসর্গ নিয়ে তাদের দ্রুত চিকিৎসার জন্য নেওয়া হয়। চিকিৎসা শেষে শিক্ষার্থীরা সুস্থ হয়ে উঠলেও এর কারণ নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে।
অভিভাবকদের পাল্টাপাল্টি অভিযোগ
বুধবার (৬ আগস্ট) বেলা ১১টার দিকে পাঠদান চলাকালীন সময়ে এই ঘটনা ঘটে। অসুস্থ শিক্ষার্থীরা সবাই ষষ্ঠ শ্রেণির ছাত্রী। তাদের মধ্যে রিতু, মিম, হানিফা, হাফেজা, সামিয়া, অথৈ-সহ মোট ৯ জন ছিল। অভিভাবক হাফিজুর রহমান বলেন, তার মেয়ে ও ভাতিজি সকালে খাবার খেয়ে স্কুলে গিয়েছিল। হঠাৎ করে তারা অসুস্থ হয়ে পড়লে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
আরেক অভিভাবক দেলোয়ার হোসেন এই ঘটনার জন্য স্কুলের প্রধান শিক্ষককে দায়ী করেছেন। তিনি অভিযোগ করেন, ঘটনার দিন ক্লাসে পাঠদান বন্ধ রেখে এক শিক্ষার্থীর জন্মদিন পালন করা হচ্ছিল এবং সেই অনুষ্ঠানে খাবার খেয়েই মেয়েরা অসুস্থ হয়ে পড়ে।
প্রধান শিক্ষকের অস্বীকার ও কর্তৃপক্ষের প্রতিক্রিয়া
তবে এই অভিযোগ অস্বীকার করেছেন জয়নগর জুনিয়র হাই স্কুলের প্রধান শিক্ষক পরিমল ব্যানার্জি। তিনি বলেন, ঘটনার দিন স্কুলে কোনো জন্মদিন পালন করা হয়নি। তার দাবি, না খেয়ে স্কুলে আসার কারণেই শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়েছিল।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা শিক্ষা অফিসার মুহাম্মদ আবু আহাদ মিয়া জানান, তাকে বিষয়টি কেউ জানায়নি। তিনি বলেন, এখনই খোঁজ খবর নিয়ে পুরো বিষয়টি খতিয়ে দেখা হবে।











